জাতীয় লিগের শিরোপা খুলনা না সিলেটের

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন আশরাফুল হাসান, নুরুল হাসান সোহান ও প্রিতম কুমার। সেঞ্চুরি করেছেন তিনজনই। বল হাতে ৫ উইকেট করে নিয়েছেন আবু জায়েদ রাহী, সানজীদ মজুমদার ও শুভগত হোম চৌধুরী। রাহীর গতি ও সুইংয়ের জাদুতে এক দিন হাতে রেখেই বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে সিলেট। তারা পেয়েছে জোড়া বোনাস পয়েন্টও। শিরোপার লড়াইয়ে খুলনা ও সিলেটের ভাগ্য নির্ধারিত হবে আজ শেষ দিনে।
পয়েন্ট টেবিলে এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা। শেষ দিনে রংপুরের বিপক্ষে হার এড়াতে পারলেই ছয় বছরের শিরোপা-খরা ঘুচবে তাদের। তবে খুলনা হেরে গেলে ট্রফি চলে যাবে সিলেটের ঘরে।
বরিশালের ২২৮ রানের জবাবে সিলেট প্রথম ইনিংসে করে ৩৮৯ রান। আশরাফুল হাসান করেন ১১৩ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে অলআউট হয় বরিশাল। দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নিয়ে সিলেটের জয়ের নায়ক রাহী।
রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২২ রান করে খুলনা। সোহান করেন ১০৫ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলে ২০০ রানের লিড নিয়ে দিন শেষ করেছে রংপুর। আকবর আলী করেন ৪৮ রান। ২৩ রানে অপরাজিত আছেন মিম মোসাদ্দেক। খুলনার মেহেদী হাসান রানা ও সফর আলী ৪টি করে উইকেট নেন।
ঢাকার ২৯২ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩১ রান করেছে চট্টগ্রাম। তাদের লিড ২২৭ রান। সাদ্দাম হোসেন করেন ৯৪ রান। ঢাকার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সানজীদ মজুমদার।
ময়মনসিংহের ৪৪০ রানের জবাবে রাজশাহী অলআউট ৩৭৭ রানে। প্রিতম কুমার করেন ১০৮ রান। শুভগত হোম চৌধুরী নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭৯ রান তুলে ১৪২ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ময়মনসিংহ।



