পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল

সংগৃহীত ছবি
বিশ্বকাপের পর প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ড্র করার পর দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলে জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে একবার পিছিয়ে পড়েও জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি শুরু থেকেই ছিল জমজমাট।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। তৃতীয় মিনিটে ডান দিকের দারুণ কিছু পাসের পর গ্যাব্রিয়েল বোনতেম্পোর কাছ থেকে বল পেয়ে গোল করেন ভান্দেরসন। তবে লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। কর্নার থেকে আলেসান্দ্রো চিরকাতির গোলে ২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। চার মিনিট পর কনর মেটকাফের দুর্দান্ত দূরপাল্লার শটে ২-১ ব্যবধানে এগিয়েও যায় স্বাগতিকরা।
বিরতির ঠিক আগে অবশ্য ম্যাচে ফেরে ব্রাজিল। দানিলোকে ফাউল করায় ভিএআরের পর পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে রাফিনিয়া গোল করে ২-২ করেন। প্রথমার্ধের পর আর মাঠে ফেরেননি বার্সেলোনার এই তারকা। উরুর অস্বস্তির কারণে তার জায়গায় নামেন এন্ড্রিক।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। এন্ড্রিকের পাস থেকে ৬৯ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো গিমারেস। এরপর ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করে অস্ট্রেলিয়া পেনাল্টি দিলে ৮০ মিনিটে স্পটকিক থেকে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা।
শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। চার দিন আগে দুই দলের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সেই ম্যাচে যোগ করা সময়ে রায়ানের গোলে হার এড়িয়েছিল ব্রাজিল।
এই জয়ের পর অস্ট্রেলিয়া সফর শেষ করে এবার ভারতের বিপক্ষে খেলতে যাবে ব্রাজিল। কলকাতায় আগামী ৩ অক্টোবর হবে ম্যাচটি।



