বায়ার্নের খেলা অপছন্দ ইয়ামালের

সংগৃহীত ছবি
বায়ার্ন মিউনিখের ম্যাচ দেখা নিয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন বার্সেলোনার তারকা লামিন ইয়ামাল। জার্মান লিগে ক্লাবটির অতিরিক্ত আধিপত্যের কারণেই তাদের ম্যাচ উপভোগ করেন না বলে জানিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
মোভিস্তারে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে জিজ্ঞেস করা হয়েছিল টেলিভিশনে বড় ক্লাবগুলোর ম্যাচ দেখেন কি না। জবাবে রিয়াল মাদ্রিদ কিংবা পিএসজির ম্যাচ দেখতে পছন্দ করলেও বায়ার্নের ম্যাচ এড়িয়ে চলেন বলে জানান তিনি, ‘সত্যি বলতে আমি বায়ার্নের ম্যাচ দেখতে খুব একটা পছন্দ করি না। কারণ আমি জানি তাদের লিগে তারা সবসময় খুব আধিপত্য বিস্তার করবে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও তাদের ম্যাচ দেখতে ভালো লাগে না কারণ তারা প্রতিপক্ষকে খুব বেশি নিয়ন্ত্রণ করে।’
ইয়ামালের মন্তব্যকে সমালোচনা হিসেবে দেখা গেলেও অনেকে এটিকে প্রশংসা হিসেবেও ব্যাখ্যা করছেন। ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নের আধিপত্য এতটাই বেশি যে ইয়ামালের কাছে তাদের ম্যাচের ফল আগে থেকেই অনুমেয় বলে মনে হয়।
শনিবারও সেই আধিপত্যের আরেকটি উদাহরণ দেখিয়েছে বায়ার্ন। ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে সরাসরি পাঁচ গোলে অবদান রেখে আলোচনায় ছিলেন মাইকেল ওলিসে। ম্যাচ শেষে বায়ার্নের ক্রীড়া বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবেরল তাকে সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ীদের তালিকায় রাখেন।



