রইল বাকি তিন
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি আর নেই

ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সাবেক মিডফিল্ডার দিনো সানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে পেলের প্রথম বিশ্বকাপ জয়ের সঙ্গী ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে সাও পাওলো ও ইতালির এসি মিলানের হয়ে দ্যুতি ছড়ানো এই কিংবদন্তি কোচ হিসেবেও ব্রাজিলিয়ান ফুটবলে অসামান্য অবদান রেখেছেন।
১৯৩২ সালে সাও পাওলোতে জন্ম নেওয়া দিনো সানির পেশাদার ফুটবলের হাতেখড়ি পালমেইরাসে। পরবর্তীতে সাও পাওলোতে হয়ে ওঠেন ক্লাবের অন্যতম আইকন। জেতেন ক্যাম্পিওনাতো পাউলিস্তা শিরোপা। ক্যারিয়ারের শেষটা করেছিলেন করিন্থিয়ান্সের জার্সিতে। সাও পাওলো রাজ্যের বড় ক্লাবগুলোর মধ্যে কেবল সান্তোসেই খেলা হয়নি তাঁর। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সফল ছিলেন সানি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সে খেলা গুটিকয়েক ব্রাজিলিয়ানের একজন তিনি। তবে ইউরোপে নিজেকে সবচেয়ে বেশি মেলে ধরেন ইতালির এসি মিলানে। নিজের নিখুঁত পাসিং ও দারুণ টেকনিকের জাদুতে মিলানকে জিতিয়েছেন ১৯৬১-৬২ মৌসুমের ইতালিয়ান লিগ (সিরি আ) এবং ১৯৬২-৬৩ মৌসুমের ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ)।
১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই মিডফিল্ডার। সুইডেনে অনুষ্ঠিত ওই আসরে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। তবে চোটের কারণে পরের ম্যাচগুলোতে জায়গা হারান জিতোর কাছে।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও দারুণ সাফল্য পান দিনো সানি। করিন্থিয়ান্স দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, পালমেইরাস, বোকা জুনিয়র্স, পেনারোল, গ্রেমিও এবং ইন্টারন্যাশিওনালের মতো বড় ক্লাবগুলোর ডাগআউট সামলেছেন। বিশেষ করে ইন্টারন্যাশিওনালে চারবার রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি ফ্যালকাও ও কারপেজিয়ানির মতো ফুটবলারদের গড়ে তুলেছিলেন।
মারিও জাগালোর মৃত্যুর পর ১৯৫৮ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের জীবিত চার সদস্যের একজন ছিলেন দিনো সানি। তাঁর প্রয়াণে সেই সোনালি প্রজন্মের প্রতিনিধি হিসেবে এখন কেবল পেপে, মোয়াসির এবং মাজ্জোলা বেঁচে রইলেন।





