ইতিহাস গড়তে ইউরোপে পা রাখলেন ওমর

সংগৃহীত ছবি
মাত্র দুইমাস আগেই তাকে নিয়ে ছিল না এত মাতামাতি। বিশ্বকাপের এক ঘটনা বদলে দিয়েছে সোমালিয়ার রেফারি ওমর আরতানের জীবন। বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে না পারা ওমর এখন ইউরোপে। উয়েফা সুপার কাপের পিএসজি ও অ্যাস্টন ভিলা ফাইনালকে সামনে রেখে অস্ট্রিয়ার সলজবুর্গে পা রেখেছেন ওমর।
৩৪ বছর বয়সী ওমরকে বিশ্বকাপের জন্য ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এতেই আলোচনায় আসেন এই রেফারি। সেই সময় ফিফা ও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।
বিশ্বকাপের সুযোগ মিস করলেও ওমরের জন্য খুলে যায় নতুন দরজা। উয়েফা জানায়, এবারের সুপার কাপের ফাইনাল পরিচালনার সুযোগ দেওয়া হবে তাকে।
আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনা করা প্রথম সোমালি রেফারি। ২০২৫ সালের বর্ষসেরা আফ্রিকান রেফারি, আর তারপর ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাওয়া, সব মিলিয়ে ওমরের সময়টা কাটছিল দারুণ। মাঝে বিশ্বকাপে না যেতে পাওয়ার ওই ধাক্কাটা আসে। এবার ইতিহাসের প্রথম অ-ইউরোপীয় রেফারি হিসেবে সুপার কাপের ফাইনাল পরিচালনা করতে অস্ট্রিয়াতে এসেছেন ওমর।
আগামী বুধবার সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-অ্যাস্টন ভিলা। সেই ম্যাচ দিয়েই নতুন ইতিহাস গড়বেন সোমালিয়ার ওমর।




