আপিল খারিজ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি আশরাফ হাকিমি

ধর্ষণ মামলার অভিযোগ থেকে রেহাই পেতে করা শেষ আপিলও খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মরক্কান তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে এখন আনুষ্ঠানিক বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ফরাসি বিচার বিভাগ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।
ফ্রান্সের সর্বোচ্চ আদালত বা ক্যাসেশন কোর্ট হাকিমির আইনি দলের করা আপিল খারিজ করে জানিয়ে দিয়েছে, বিচার প্রক্রিয়া এড়ানোর মতো কোনো উপযুক্ত বা যথেষ্ট ভিত্তি নেই। বাদীর আইনজীবী বার্ট্রান্ড পেরিয়ার ফরাসি দৈনিক ‘লা মন্ডে’-কে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে আপিল প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হলো। পাশাপাশি ওটস-দ্য-সিন ডিপার্টমেন্টাল ক্রিমিনাল কোর্টে হাকিমির বিরুদ্ধে বিচার শুরু হওয়ার পথ প্রশস্ত হলো। ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। ওই সময় ২৪ বছর বয়সী এক তরুণী (যিনি পুলিশি রেকর্ডে ‘এমা’ নামে পরিচিত) অভিযোগ করেন যে, প্যারিসের কাছে বিলানকুরে হাকিমির বাড়িতে তাকে ধর্ষণ করা হয়েছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, একই বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে হাকিমির সঙ্গে তার পরিচয় হয় এবং খেলোয়াড় নিজেই গাড়ি পাঠিয়ে তাকে নিজের বাড়িতে ডেকেছিলেন। বাড়িতে পৌঁছানোর পর হাকিমি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করেন এবং ধর্ষণ করেন। পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে এক বন্ধুকে ডেকে বাড়ি ফিরে যান এবং মার্চের শুরুতে থানায় অভিযোগ দায়ের করেন।
শুরু থেকেই অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। মামলার দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে গত ফেব্রুয়ারি মাসে তদন্তকারী বিচারক পর্যাপ্ত প্রমাণ সাপেক্ষে মামলাটির ট্রায়াল শুরুর নির্দেশ দেন। হাকিমি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ভার্সাই আদালতে আপিল করলেও গত জুনে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে ক্যাসেশন কোর্টেও তার শেষ রক্ষা হলো না। এখনও মামলার বিচার শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে চলতি বা আগামী বছরের শুরুর দিকে অর্থাৎ ২০২৭ সালের প্রথম ভাগে বিচারকার্য শুরু হতে পারে। তবে আইনি প্রক্রিয়া এখনো চলমান থাকায় চূড়ান্ত রায় না আসা পর্যন্ত হাকিমি আইনগতভাবে নির্দোষ হিসেবে গণ্য হবেন এবং তার আইনি লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
আইনি জটিলতার পাশাপাশি বর্তমানে চোটের কারণেও মাঠের বাইরে রয়েছেন এই মরক্কান রাইট-ব্যাক। গত ১৩ সেপ্টেম্বর লিগ ওয়ানে ব্রেস্টের বিপক্ষে ম্যাচে ডান উরুতে পেশির ইনজুরিতে পড়েন তিনি। ফলে মার্সেইয়ের বিপক্ষে ডার্বি ম্যাচ মিস করার পাশাপাশি মরক্কোর আসন্ন আফ্রিকা কাপ অব নেশনস ২০২৭ বাছাইপর্বের ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবর মাঠে ফিরতে পারেন হাকিমি।





