লামিনে ইয়ামাল
ব্যালন ডি’অরের জন্য তোষামোদ করব না

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের প্রচার নিজে করার ইস্যুতে কিলিয়ান এমবাপ্পেকে খোঁচা মারলেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। ফরাসি ফরোয়ার্ডের আত্মপ্রচারের জবাবে স্পষ্ট ভাষায় বার্সা তারকা বলেছেন, ব্যক্তিগত এই পুরস্কারটি পাওয়ার জন্য তিনি কখনোই কারও কাছে ধরণা দেবেন না।
আগামী ২৬ অক্টোবর ঘোষণা করা হবে ব্যালন ডি’অরজয়ীর নাম। এই লড়াইয়ে লিওনেল মেসি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি অন্যতম প্রধান দাবিদার হিসেবে রয়েছেন ১৯ বছর বয়সি স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালও।
সংবাদমাধ্যমে নিজের প্রচার নিয়ে এমবাপ্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইয়ামাল বলেন, ‘আমার মনে হয় না নিজের প্রচার করার কোনো প্রয়োজন আমার আছে। লোকে যা খুশি ভাবতে পারে। আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত এবং এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। প্রচার করাটা আপনাদের (সাংবাদিকদের) কাজ, আমি ব্যালন ডি’অরের জন্য কোনো তোষামোদ করব না।’
এর আগে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে নিজেকে এই পুরস্কারের দাবিদার বোঝাতে গিয়ে বলেছিলেন, তিনি এই গ্রীষ্মের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন এবং নিজেকে সবসময় ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ মনে করেন। এমবাপ্পের এমন আত্মপ্রচারের তীব্র সমালোচনা করে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তফ দুগারি তাকে ‘শিশুসুলভ’ বলে আক্রমণ করেছিলেন।
তবে ব্যালন ডি’অর জয় নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না জানিয়ে ইয়ামাল বলেন, ‘এটি সম্পূর্ণ আপনাদের (ভোটদাতাদের) ওপর নির্ভর করে, আমার হাতে কিছু নেই। বার্সেলোনা এবং জাতীয় দলের হয়ে আমার পুরো বছরটি অবিশ্বাস্য কেটেছে। আমার একটি সুযোগ আছে, বছরটাও দারুণ কেটেছিল। তবে দেখা যাক কী হয়।’
এবারের চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের শুরুতেই ফেইয়ানুর্দের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। বুধবারের ম্যাচটি নিয়ে ইয়ামাল বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হতে পারে না। আমি তরুণ, তাই ব্যক্তিগতভাবে আরও উন্নতি করাই আমার মূল লক্ষ্য।’







