ভিনির সঙ্গে বিরোধের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না- এমন একটি গুঞ্জন ছড়িয়েছে ফুটবলঅঙ্গনে। এ বিষয়ে প্রথমবারের মতো সরাসরি মুখ খুলেছেন এমবাপ্পে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরাসি ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাইরের এসব আলোচনা কিংবা চুলচেরা বিশ্লেষণ নিয়ে তার মাথাব্যথা নেই।
লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের হারের পর থেকেই রিয়ালের আক্রমণভাগের দুই তারকা এমবাপ্পে ও ভিনিসিয়ুসের বোঝাপড়া নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে রক্ষণভাগে তাদের কম অবদানের বিষয়টি নিয়ে বার্সেলোনার রাফিনিয়া বা পিএসজির উসমান দেম্বেলের সঙ্গে দুজনের তুলনা টানছেন ফুটবল বিশ্লেষকরা। এমন সব তুলনার জবাবে বিরক্তি প্রকাশ করে এমবাপ্পে বলেন, ‘শুধু আমি আর ভিনিসিয়ুস? আমি জানি না। অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। এটা স্বাভাবিক, যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। আমি বোকামি করে বলতে পারি যে অন্য সবাই আমার মতো গোল করুক, আর তাদেরও আমার মতো হতে হবে। কিন্তু এভাবে তুলনা করার কোনো মানেই হয় না। একটি শীর্ষ দলের স্বাভাবিক বিষয় হলো, আমাদের আরও ভালো খেলতে হবে।’
ভিনিসিয়ুসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন রয়েছে কি না—এমন সরাসরি প্রশ্নের জবাবে রিয়ালের ফরাসি তারকা বলেন, ‘এটি মাদ্রিদে ভেসে চলা কোটি কোটি মতামতের মাঝে একটি; তাই কে কী বলছে তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা এবং আমরা কেবল সেই জিনিসগুলোই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা আমাদের হাতে রয়েছে।’
রিয়াল ছাড়ার পর পিএসজির টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘এগুলো স্রেফ ফুটবল বিশ্লেষণ, যা আমি বদলাতে পারব না। সত্যি বলতে, আমি এসবের পরোয়া করি না। আমি এমন কেউ নই যে সব জানে। তবে ফুটবল সম্পর্কে আমি অনেককিছু জানি। আর আমি জানি যে আমাকে নিয়ে কথা বললেই বাজারে কাটতি বা বিক্রি বেশি হয়।’






