মা হারানো দেশমের পাশে এমবাপ্পেরা
ক্রীড়া ডেস্ক

দিদিয়ের দেশম। ছবি: সংগৃহীত
মা হারিয়েছেন ফ্রান্স ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম। এই কঠিন সময়ে শোকাতুর কোচের পাশে এসে দাঁড়িয়েছে গোটা দল। মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশম সাময়িকভাবে ক্যাম্প ছেড়ে ফ্রান্সে ফিরে গেছেন। তার অনুপস্থিতিতে নরওয়ের বিপক্ষে আসন্ন ম্যাচে ডাগআউটের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ গাই স্টিফেন।
কোচের এই আকস্মিক বিদায়ের পর পুরো দল একসঙ্গে অনুশীলনে জড়ো হয়ে দেশমের প্রতি তাদের গভীর সংহতি ও সমবেদনা প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলের এই সংহতির ছবি শেয়ার করে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে লেখেন, ‘আমাদের সব ভাবনা আমাদের কোচ ও তার পুরো পরিবারের সঙ্গে রয়েছে। আপনি একা নন।’




