দুর্ঘটনাস্থলে তিন কোচ রেখেই গন্তব্যের পথে বিজয় এক্সপ্রেস

দুর্ঘটনাস্থলে তিন কোচ রেখে গন্তব্যে বিজয় এক্সপ্রেস। ছবি: সংগৃহীত।
ময়মনসিংহের গৌরীপুর রেলজংশনের ইনার সিগন্যালের পাশে লাইনচ্যুত তিনটি কোচ রেখে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস।
বুধবার রাত ১২টা ২৮ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে যাত্রা করে ট্রেনটি।
গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনাকবলিত তিনটি কোচ রেখে বাকি ১১টি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
তিনি বলছিলেন, ‘স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের জানানো হয়, দুর্ঘটনাকবলিত বগির যাত্রীরা অন্য বগীতে যাত্রা করতে পারবেন। এছাড়া যারা যাত্রা বাতিল করতে চান, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হলেও কেউ টাকা ফেরত নেননি।’
এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পর পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন।
কর্তৃপক্ষের দাবি, সিগন্যাল দেওয়ার নির্দিষ্ট সময় শেষে লাইন অটোমেটিক পরিবর্তন হয়ে যাওয়ায় শেষের তিনটি বগি অন্য লাইনে চলে যায়, যার ফলে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনাকবলিত কোচগুলোর মধ্যে রয়েছে পরিচালক কাম খাবার গাড়ি, ট ও ঠ নম্বর বগি।
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা গৌরীপুর থেকে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।




