ডেভিড ইমন ফের রিমান্ডে

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিন হেফাজতে রাখতে পারবে পুলিশ।
অস্ত্র আইনের একটি মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন।
আজ সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন ইমার আদালতে এ শুনানি হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান জানালেন, ফটিকছড়ি থানার অস্ত্র আইনের একটি মামলায় ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।
গ্রেপ্তারের পর থেকে তিন দফায় মোট ১৫ দিন জিজ্ঞাসাবাদ করা হয় ডেভিড ইমনকে। সর্বশেষ পাঁচ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। আবারও পাঁচ দিনের অনুমতি পেয়ে তাকে আদালত থেকেই পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে গেছে।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। থাকতেন নগরের বায়েজিদ বোস্তামি এলাকায়। বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী তিনি।
গত ২৯ জুলাই ভারতে পালানোর সময় যশোরে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ৩০ জুলাই তাকে চট্টগ্রামে এনে আদালতে তোলা হয়। হত্যা, অস্ত্র আইন এবং ২০ লাখ চাঁদার জন্য ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে গুলিবর্ষণের তিন মামলায় তাকে এর মধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।






