রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

রাস্তায় পড়ে থাকা প্রবাস ফেরত জামাল উদ্দিন— সংগৃহীত
টাঙ্গাইলে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। আজ সোমবার বিকাল ৩টা ১৫ মিনিটে তার ভাতিজি ইসমত আরার বাড়িতে মারা গেছেন।
গত ২ আগস্ট রাতে সখীপুরে কালমেঘা এলাকায় অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরদিন স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে ভাতিজি ইসমত আরার বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
স্থানীয়দের আর্থিক সহায়তায় গত ৬ আগস্ট জামাল উদ্দিনকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তাকে ভাতিজির বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই আজ সোমবার তার মৃত্যু হয়।
জামাল উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। কয়েক মাস আগে অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় ফেলে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার স্ত্রী ও সন্তানরা তার খোঁজ নেননি।
তবে জামাল উদ্দিনের স্ত্রী রিনা আক্তার দাবি করেছেন, প্রায় আড়াই মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।
অসুস্থ অবস্থায় জীবনের শেষ সময়ে স্বজনদের কাছ থেকে দূরে থেকে অন্যের সহায়তায় চিকিৎসা নিয়ে জামাল উদ্দিনের চলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।







