বিএনপি নেত্রী মনি
দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

কথা বলছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বিএনপি এমনটাই চায়। দেশে ফিরলে শেখ হাসিনা আইনের আওতায় থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। আদালতের রায় যা হবে, বিএনপি ও সবাইকে তা মেনে নিতে হবে। বিএনপি প্রতিশোধে বিশ্বাস করে না, আইনের শাসন ও বিচারে বিশ্বাস করে।
আজ সোমবার সন্ধ্যায় জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকায় বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি বিএনপির কার্যনির্বাহী কমিটির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে নিলুফার চৌধুরী মনি বলেন, ‘তাকে (শেখ হাসিনা) এই দেশে ফেরত আনার জন্য ইন্টেরিম সরকারও চেয়েছিল, এই সরকারও চাচ্ছে। চিঠিপত্র চালাচালি হচ্ছে, আপনারা দেখেছেন, শুনছেন। উনি আসুক, আমরা তো এটাই চাই, বিএনপি তো এটাই চায়। উনি আসুক। এলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। কিন্তু বিচারে যা হয়েছে সেটাকেই মেনে নিতে হবে। বিচারে যা হবে, বিচারের রায় যেভাবে হবে সেটাকেই মেনে নিতে হবে।’
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘উনি (তারেক রহমান) বারবার বলেছেন প্রতিশোধে বিশ্বাস করেন না, বিএনপি কখনোই প্রতিশোধে বিশ্বাস করে না। আইনে বিশ্বাস করে, বিচারে বিশ্বাস করে। বিচারে যেটা হবে বিএনপি সেটাই সবসময় মেনে নেয়।’
নাশকতার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে নিলুফার চৌধুরী মনি বলেন, ‘বিএনপি সম্পূর্ণ প্রস্তুত আছে যেকোনো নাশকতার মোকাবিলার জন্য। বিএনপি জন্মলগ্ন থেকে অন্যায়ের প্রতিবাদ করে এসেছে আর নাশকতার প্রতিরোধ তো অবশ্যই করবে।’
শেখ হাসিনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা কেউই বিচার বিভাগের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না। এই কথাটা আমাদের প্রত্যেককেই মানতে হবে।’
ভারতের কাছে আসামি ফেরত চাওয়ার বিষয়ে নিলুফার চৌধুরী মনি বলেন, ‘আমরা যেটা নিজেরা চাই, আমরা পাশের দেশকে বলছি আমাদের আসামিকে ফেরত দাও। সেখানে আসামি যদি আসতে চায়, ভালো। একজন আসামিকে যেভাবে টেক কেয়ার করার কথা, বাংলাদেশ সরকার সেভাবেই টেক কেয়ার করবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী, তাদের আমরা বাতিল করতে পারব না। বন্ধ করতে পারব না। আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে হবে, বুঝাতে হবে এবং সেটার একটা চুক্তি হবে, আলোচনা হবে।’
তিনি আরও বলেন, ‘যে এটার বিচার না হলে আমি যাব না, এটার বিচার না হলে আমি এটা করব না সেটা আমি মনে করি না। আমাদের তিন দিকে ভারত, এটাও আমাদের বুঝতে হবে।’
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিকসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






