রোনালদোর বিদায়ে জার্মান পত্রিকার ব্যঙ্গাত্মক বার্তা!

সংগৃহীত ছবি
তার বিদায়ে আবেগী বার্তা দিচ্ছেন সবাই। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় বলার পর অবশ্য স্রোতের বিপরীতে ভিন্ন এক উপায় বেছে নিল জার্মান ম্যাগাজিন ‘১১ ফ্রয়েদে’। পর্তুগিজ তারকার অবসরের ঘোষণা দেওয়ার ভিডিওটির একটি বিদ্রুপাত্মক জার্মান অনুবাদ করেছে এই প্রকাশনাটি! ভিডিওর শিরোনাম-‘যে কথাগুলো আসলে একদমই বলেননি রোনালদো।’
পাঁচ মিনিটের ভিডিও ক্লিপে ২৩ বছরের ক্যারিয়ারে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন রোনালদো। রোনালদোর এই ঘোষণার পর সাবেক, বর্তমান ফুটবলার ও বিশ্ব গণমাধ্যমগুলো পর্তুগাল অধিনায়কের কীর্তির প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছে।
ব্যাঙ্গাত্মক রচনার জন্য পরিচিত তোবিয়াস আহরেন্সের লেখা জার্মান অনুবাদসহ একটি ভিডিও প্রকাশ করেছে ‘১১ ফ্রয়েদে’। সেখানে কিছু কাল্পনিক শব্দ ব্যবহার করে রোনালদোর বিদায় বার্তাকে নতুনভাবে প্রকাশ করেছে তারা।
অনুবাদে রোনালদোকে বলতে শোনা গেছে, ‘বন্ধুরা, এক মুহূর্তের জন্য আমার কথা শোনো। সরাসরি বলছি, আমি অবসর নিচ্ছি। আমি শুধু তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, বিশেষ করে (সিউ) সেলিব্রেশন নামের ওই আজেবাজে ব্যাপারটিতে আমার সাথে তাল মেলানোর জন্য। আমি তোমাদের কসম কেটে বলছি, প্রথমে এটা মার্সেলোর সাথে একটা বাজি ছাড়া আর কিছুই ছিল না। আমি ভেবেছিলাম প্রাপ্তবয়স্ক পুরুষরা বাতাসে লাফিয়ে উঠবে না, ঘুরপাক খাবে না আর চিৎকার করবে না। কিন্তু তোমরা কী করলে? তোমরা আমাকে অনুকরণ করলে।’
ভিডিওতে আরও বলা হয়েছে, ‘আমাকে সবগুলো ফ্রি কিক নিতে দেওয়ার জন্যও ধন্যবাদ, যদিও শেষ যে কিকটা জালে ঢুকেছিল সেটা পাঁচ বছর আগের কথা। আর ধন্যবাদ যে, যখন আমি আমার শর্টস যতটা সম্ভব উপরে টেনে তুলতাম, যতক্ষণ না আমার কিডনি প্রায় দেখা যেত, তখন কেউ হাসত না। এটা আমার জন্য এক পরম সম্মানের বিষয় ছিল। আমার রেকর্ডগুলোর যত্ন নেবেন।’



