বিশ্বকাপ ব্যর্থতায় জার্মানির দায়িত্ব ছাড়লেন নাগেলসমান!

সংগৃহীত ছবি
তিন দিন আগে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে জার্মানি। দলের এমন ব্যর্থতার পর এবার সরে দাঁড়াচ্ছেন কোচ জুলিয়ান নাগেলসমান।
এখনও অবশ্য জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) আনুষ্ঠানিকভাবে নাগেলসমানের বিদায়ের ব্যাপারে কিছু জানায়নি। তবে ‘বিল্ড’ ও ‘স্কাই জার্মানি’ তার পদত্যাগের খবর প্রচার করছে জোরালোভাবেই।
সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, জার্মান ফুটবল ফেডারেশন নাগেলসমানকে পদত্যাগের জন্য অনুরোধ করেছিল। তিনি সেটা মেনে নিয়ে সরে দাঁড়িয়েছেন।
সূত্রের বরাতে বিল্ড জানিয়েছে, গতকাল ফ্রাঙ্কফুর্টে ডিএফবির সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয় এক ‘গোপন বৈঠক’। সেখানেই নাগেলসমান পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে দাবি পত্রিকাটির।
২০২৩ সালে জার্মানদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নাগেলসমান। তার সঙ্গে জার্মানির ২০২৮ সাল পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় ২ বছর বাকি থাকতেই দায়িত্ব ছাড়লেন তিনি।
গত ২৯ জুন বোস্টনে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। টাইব্রেকারে জার্মানদের ৪-৩ গোলে হারায় প্যারাগুয়ে।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায়ের পর এবারও হতাশা কাটাতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে ব্যর্থতার মুখ দেখেছে দলটি। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে চতুর্থ শিরোপা জিতেছিল জার্মানরা।
জার্মানির নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে সাবেক লিভারপুল কোচ ক্লপের নাম।




