নরওয়ে শিবিরে অসুস্থতার হানা

সংগৃহীত ছবি
ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক ম্যাচের আগে নরওয়ে শিবিরে হানা দিয়েছে অসুস্থতা।
আগামী শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে। তবে ম্যাচের আগে নরওয়ে কোচের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
নরওয়েজীয় সংবাদমাধ্যম ‘দাগব্লাদেত’ এর তথ্য অনুযায়ী, ম্যাচের আগে বেশ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট নেই।
জর্গেন স্ট্র্যান্ড লারসেন ও মার্কাস হোমগ্রেন পেডারসেন আগে থেকেই অসুস্থ। ম্যানেজার স্টেল সোলবাকেনও ঠাণ্ডা কাশিতে আক্রান্ত। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় অনবরত কাশতে দেখা গেছেও তাকে।
কিন্তু কেন এমন অসুস্থতা? এর পেছনে ম্যানেজার দায়ী করছেন দলের ব্যস্ত ও লাগাতার বিমান ভ্রমণের ধকলকে। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে দলটি বোস্টন, নিউ জার্সি, আবারও বোস্টন, ডালাস এবং নিউ জার্সিতে ম্যাচ খেলেছে।
সোলবাকেন বলেন, ‘আসলে কেবল জর্গেনেরই জ্বর এসেছে, বাকিদের ক্ষেত্রে সামান্য কাশি ও গলা খুশখুশ করার মতো সমস্যা দেখা গেছে। এসি, বিমানে ওড়া, লাগাতার ভ্রমণ এবং এই জাতীয় বিষয়গুলো তো আছেই। আমাদের দলে ৫০ জনেরও বেশি মানুষ রয়েছে, তাই কারো কোনো সমস্যা না হওয়াটাই বরং অদ্ভুত হতো।‘
দলের আরও কেউ মারাত্মকভাবে অসুস্থ কিনা, সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। মায়ামিতে পৌঁছানোর পর, শনিবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের যতটা সম্ভব ফিট করে তুলতে নরওয়ে দল প্রস্তুতির জন্য মাত্র তিন দিন সময় পাবে।




