- ২ মাস আগে(০৩:৫৫)

মেসিদের থামিয়ে বিশ্বসেরা স্পেন
ইতিহাস গড়তে পারল না আর্জেন্টিনা। টানা দুই বিশ্বকাপ জেতা হলো না তাদের। অতিরিক্ত সময়ে বদলি ফরোয়ার্ড ফেরান তোরেসের গোল ১৬ বছর পর স্পেনকে বসালো বিশ্বসেরার আসনে। শূন্যদৃষ্টিতে স্পেনের শিরোপা জয়ের সাক্ষী হতে হলো সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। টানা ১৩ ম্যাচ জয়ের পর ফাইনাল মঞ্চে এসেই থামতে হল তার দলকে। বুকের বাঁ পাশে আঁকা হলো না চতুর্থ তারকা।
যে স্পেনেই ফুটবলের ফুল ফুটিয়ে জগৎ জয় করেছিলেন, সেই স্পেনের কাছেই মেসিকে হারাতে হল শ্রেষ্ঠত্বের মুকুট। যে লা মাসিয়ায় বেড়ে ওঠা, ফুটবলকে নিজের করে নেওয়া, সেই লা মাসিয়ারই একজন- ফেরান তোরেসে শেষ হলো টানা বিশ্বজয়ের স্বপ্ন।
এ জয়টা স্পেনের প্রাপ্যই ছিল। পুরো ম্যাচেই প্রাধান্য ছিল তাদের। শেষ মঞ্চে এসেই যেন খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনা। নিজেদের খোলসবন্দী করে রাখে শুরু থেকেই। আগের ম্যাচগুলোর মতো শেষ দিকে জ্বলে ওঠা হয়নি আজ। শেষ দিকে এসে এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখে ফিরলে আর ঘুরে দাঁড়ানোর সামর্থ্যই ছিল না তাদের। এ ম্যাচে লিওনেল স্কালোনির পরিবর্তনগুলো নিয়েও প্রশ্ন উঠতেই পারে। তিন গোল করা লাউতারো মার্তিনেসকে মাঠেই নামাননি তিনি। রক্ষণের মূল দুই অস্ত্র রোমেরো ও লিসান্দ্রোর আগেভাগেই মাঠ ছাড়তে হয় চোটের কারণে। বদলি যারা নেমেছেন তারাও ব্যর্থ।
একার লড়াই চালিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টিনার গোলমুখী ৯ শটের মধ্যে আটটি রুখে দিয়েছিলেন এই গোলরক্ষক। তবে দুই বদলি ফরোয়ার্ডের প্রচেষ্টায় শেষ পর্যন্ত এমির গড়া প্রাচীর ভেঙে স্পেন পৌঁছেছে জয়ের মঞ্চে। ১০৭ মিনিটে নিকো উইলিয়ামসের কাটব্যাকে ফেরান তোরেসের জোড়ালো শট পোস্টে জড়ানোর পর, অবশ্য আর্জেন্টিনা জোর চেষ্টা করেছে ম্যাচে ফেরার। তবে বদলি জুলিয়ানো সিমিওনে ভালো জায়গায় বল পেয়েও পোস্টে রাখতে পারেননি।
শেষ হলো এক স্বপ্ন যাত্রার। বিশ্বকাপের মহামঞ্চেই থামলো লা স্কালোনেতা। বাজে দিনটা এসে উপস্থিত হলো ফাইনালেই। এ ম্যাচটা এক পাশে রাখলে এই আর্জেন্টিনাকে নিয়ে গর্ব করার মতো আছে অনেক কিছুই। চল্লিশে পা রাখা মেসি গাড়িতে চড়ে ছুটতে ছুটতে ফাইনালে পৌঁছে যাওয়া বা কম কীসে। তাই হারের পরও মেসির চোখ জলে ভাসেনি। হতাশ হয়েছেন। তবে সব হারানোর বেদনা পেয়ে বসেনি।
চার বছর আগে কাতারের লুসাইলে পরম প্রার্থিত সোনালি শিরোপা হাতে তুলে নিয়েছিলেন। তা হাতছাড়া হলো নিউ জার্সিতে। তারপরও মেসির সেরাত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কোথায়। এই বিশ্বকাপটাও যে নিজের মতোই রাঙাতে চেয়েছিলেন তিনি। শেষ মঞ্চে হয়তো সবকিছু নিজের মতো হলো না। তবে যে লা মাসিয়ায় বেড়ে ওঠা, সেই লা মাসিয়ার নবপ্রজন্মের কাছে এ হারেও হয়তো গর্বিত হবেন জাদুকর।
- ২ মাস আগে(০৩:৪৭)

জাদুকরের জাদুর বাক্স কি খুলবেই না আজ?
দশজন নিয়ে ম্যাচে ফিরতে আর্জেন্টিনার হাতে সময় আছে আর আট মিনিট। এখনও বাঁ পায়ের জাদুকর মেসির জাদুর বাক্স খোলেনি। তবে কী শেষ মঞ্চে জাদু না দেখিয়েই বিদায় নেবেন মেসি?
- ২ মাস আগে(০৩:৪০)

স্পেনকে লিড এনে দিলেন ফেরান তোরেস
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরুর পরেই কাঙ্ক্ষিত লিড পেয়েছে স্পেন। বদলী ফরোয়ার্ড ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। নিকো ইউলিয়ামসের পাসে তার ডান পায়ের জোড়ালো শট আর রুখতে পারেননি এমি মার্তিনেস।
- ২ মাস আগে(০৩:৩১)
অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও সমতা
স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়ে এখনও ম্যাচে গোলশূণ্য সমতা রাখতে পেরেছে দশজনের আর্জেন্টিনা। শিরোপা ভাগ্য টাইব্রেকারে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা মেসিদের। আর ১৫ মিনিট কী তারা পারবে স্পেনকে রুখতে?
- ২ মাস আগে(০৩:২৭)

নিকো পেয়েছিলেন জালের খোঁজ, তবে...
৯৩ মিনিটে গোলমুখ থেকে বল জালে জড়িয়েছিলেন বদলী নিকো উইলিয়ামস। তবে তার আগেই ওতামেন্দিকে ফাউল করেন মেরিনো। স্পেনিশদের ভিএআর-এর জোড় দাবী অবশ্য কানে তোলেননি রেফারি।
- ২ মাস আগে(০৩:১৯)
স্পেন ১৬ আর্জেন্টিনা ০!
স্পেন ১৬টি শট নিয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগে। এর মধ্যে শট অন টার্গেট ১১টি।
অন্যদিকে পুরো ম্যাচে এখনও স্পেনের পোস্ট বরাবর একটা শটও নিতে পারেনি আর্জেন্টিনা।
- ২ মাস আগে(০৩:১২)

আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন বাঁচিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিলেন মার্তিনেস
নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে এসে দশজনে পরিণত হয়েছিল আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় স্পেন। লামিন ইয়ামাল বাঁ পায়ের শটে চেয়েছিলেনর বল জালে জড়াতে। তবে এমি মার্তিনেস বাঁ দিকে ঝাপিয়ে রুখে দেন সেই শট। তাতে বেচে থাকে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন। ম্যাচও গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে খেলতে হবে একজন ফুটবলার কম নিয়ে। স্পেন ঝড় সামলে তারা নিশ্চয় চাইবে ম্যাচ ভাগ্য টাইব্রেকারে নিয়ে যেতে।
- ২ মাস আগে(০২:৪২)

দশজনের দলে পরিণত আর্জেন্টিনা
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লালকার্ড দেখতে হলো এনসো ফের্নান্দেসকে। বল দখলের লড়াইয়ে গিয়ে কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় আর্জেন্টাইন মিডফিল্ডারকে।
বড় ধাক্কা আর্জেন্টিনার জন্য।
- ২ মাস আগে(০২:২৩)

বিরতির পর মাঠে নামলেন পারেদেস
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা দলে পরিবর্তন। বিরতির পর মাঠে নেমেছেন লিয়ান্দ্রো পারেদেস। নিকো গনসালেসের জায়গায় নেমেছেন এই মিডফিল্ডার।
কোচ লিওনেল স্কালোনি তিনটি পরিবর্তন এনে সাজিয়েছিলেন ফাইনালের একাদশ। এর মধ্যে ছিলেন পারেদেসও।
- ২ মাস আগে(০১:৫১)

গোল হয়নি প্রথমার্ধে
নিউ জার্সি স্টেডিয়ামে শেষ হয়েছে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ। সেমিফাইনালের মতো এ ম্যাচেও আর্জেন্টিনা ব্যস্ত ছিল ম্যাচের গতি নিয়ন্ত্রণে। গোলের চেয়ে স্পেনের সঙ্গে গোল দখলের লড়াইয়ে বেশি মনযোগ ছিল বর্তমান চ্যাম্পিয়নদের।
স্পেন অবশ্য কয়েকবার চেষ্টা করেছে গোলের। তবে এমি মার্তিনেসকে পরাস্ত করতে পারেনি তারা। পজেশন রেখে যে ফুটবলটা নিয়মিত খেলে দলটি, সেটা প্রথমার্ধে পুরোপুরি পারেনি তারা। মাঝমাঠে বল দখলের লড়াইয়ে কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না।
বিরতির পর দু'দলের কৌশল কী হবে সেটাই দেখার।
- ২ মাস আগে(০১:৪৬)

চোটে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, এলেন ওতামেন্দি
৪৩ মিনিটে মাংসপেশীতে টান পড়ায় মাঠ ছাড়তে বাধ্য হলেন আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম অস্ত্র লিসান্দ্রো মার্তিনেস। তার জায়গায় এলেন অভিজ্ঞ ওতামেন্দি।
- ২ মাস আগে(০১:১২)

ওয়ারসাবালের পরীক্ষায় পাশ মার্তিনেস
৩৮ মিনিটে বক্সের ঠিক ওপর থেকে ওয়ারসাবালের বাঁ পায়ের শট সহজেই আয়ত্বে নেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্তিনেস।
- ২ মাস আগে(০১:০৭)

ইয়ামালের শট রুখলেন এমি মার্তিনেস
পঞ্চম মিনিটে ভীতি ছড়িয়েছিল আর্জেন্টিনার রক্ষণে। লামিন ইয়ামালের শট অবশ্য আয়ত্বে নেন এমি মার্তিনেস।
- ২ মাস আগে(০০:২৪)

ফাইনাল শুরু
শেষ হল অপেক্ষার। বাজলো ফাইনাল ম্যাচ শুরুর বাঁশি।
শিরোপা লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
- ২ মাস আগে(০০:২২)

ওয়ার্ম-আপে দুই দল
মহা ফাইনালের আগে গা গরম করতে নিউ জার্সি স্টেডিয়ামের মাঠে নেমে পড়েছেন দু'দলের ফুটবলাররা। এখন থেকে ঠিক ৪০ মিনিট পর বাজবে শুরুর বাঁশি।
- ২ মাস আগে(২৩:৫৫)

শুরুর একাদশে নেই পারেদেস
আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন
তিন পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। রক্ষণভাগে মোলিনার জায়গায় খেলবেন মন্তিয়েল। মাঝমাঠে সিমিওনের পরিবর্তে দে পল ও পারেদেসের জায়গায় খেলবেন নিকো গনসালেস।
আর্জেন্টিনার ফরমেশন: ৪-৪-২
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো; এনসো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, রোদ্রিগো দে পল, নিকো গনসালেস; হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি।
স্পেন একাদশে কোন পরিবর্তন আনেনি। সেমিফাইনালে ফ্রান্সকে হারানো ম্যাচের শুরুর একাদশ নিয়েই আর্জেন্টিনার মোকাবেলা করবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
স্পেনের ফরমেশন: ৪-১-২-৩
স্পেন একাদশ: উনাই সিমন; পেদ্রো পেfরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুয়েরা; রোদ্রি; ফাবিয়ান রুইস, দানি ওলমো; আলেক্স বায়েনা, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারসাবাল।
- ২ মাস আগে(২২:২৯)

খুলে গেছে স্টেডিয়ামের দরজা
খুলে দেয়া হয়েছে বিশ্বকাপের ফাইনালের ভেন্যু নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের দরজা। ফিফা দর্শক প্রবেশের জন্য ম্যাচ শুরুর ৪ ঘন্টা আগেই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ শুরু করে দিয়েছে। সমাপনী অনুষ্ঠান শুরুর আগে অর্থাৎ ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে আসনগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে ফিফার পক্ষ থেকে।
- ২ মাস আগে(২১:১০)

চিরচেনা সেই হোম জার্সিতে নামছে আর্জেন্টিনা
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নিজেদের চিরচেনা হোম জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা-আকাশি ডোরাকাটা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজা পরবেন লিওনেল মেসিরা।
চলতি বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই এই জার্সিতে খেলেছে আর্জেন্টিনা। শুধু গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা এবং জর্ডানের বিপক্ষে বিকল্প জার্সি পরেছিল আলবিসেলেস্তেরা। এছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও অ্যাওয়ে জার্সিতে খেলেছিল লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে আলজেরিয়া, কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে হোম জার্সিতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ফাইনালেও সেই সৌভাগ্য বয়ে আনা জার্সিতেই খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।গোলবারের নিচে এমি মার্তিনেসকে দেখা যাবে সম্পূর্ণ সবুজ গোলকিপার কিটে। ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২১ কোপা আমেরিকার ফাইনালেও একই রঙের কিটে খেলেছিলেন তিনি। সেই তিন টুর্নামেন্টেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, তাই সবুজ কিটটিকে অনেকেই সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখছেন।
- ২ মাস আগে(১৮:৫৭)

প্রস্তুত ফাইনালের মঞ্চ
নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে লামিন ইয়ামালের স্পেন। ফুটবলের মহালড়াইয়ের আগে অবশ্য ক্লোজিং সিরিমনিতে মাঠ মাতাবেন বলিউড স্টার ম্যাডোনা, টম ক্রুজরা
- ২ মাস আগে(১৮:৪৮)

ফাইনালের গতিপথ চার লড়াইয়ে
ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। একদিকে সর্বোচ্চ ১৯ গোল করে আক্রমণভাগে দুর্দান্ত ছন্দে থাকা আলবিসেলেস্তেরা, অন্যদিকে পুরো আসরে মাত্র এক গোল হজম করে ইস্পাতকঠিন রক্ষণ গড়ে তোলা লা রোহা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কয়েকটি ব্যক্তিগত দ্বৈরথই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।
- ২ মাস আগে(১৮:০৫)

২০৩০ বিশ্বকাপও খেলবেন মেসি!
এখনো ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হয়নি। এর মাঝেই প্রশ্ন উঠতে শুরু করেছে, লিওনেল মেসি কি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন? আগামী আসরটি যেহেতু শতবর্ষের বিশ্বকাপ এবং তার একটি ভেন্যু যেহেতু আর্জেন্টিনায় তাই নিজের দেশের দর্শকদের সামনে খেলার সুযোগ থাকবে আর্জেন্টাইন জাদুকরের। এই ভেবে ৪৩ বছর বয়সেও তিনি ২০৩০ এর স্বপ্ন দেখতে পারেন! এমনটা মনে করছেন এই বিশ্বতারকার আত্মজীবনীর লেখক গিয়েমে বালাগে।
আরও পড়ুনঅবসর নেবেন না মেসি!
১৯ জুলাই ২০২৬
- ২ মাস আগে(১৮:০১)

যুবরাজের রাজত্বে উত্তরণের দিন!
বার্সেলোনার উত্তরে মাতেরো শহরের রোকাফোন্ডায় স্পেনের সবচেয়ে দরিদ্র, অভিবাসীপ্রধান ও শ্রমজীবী মানুষের বসবাস। এই এলাকাটিতে দেশটির দারিদ্র্যসীমার নিচে থাকা ৫০ শতাংশ মানুষ বাস করেন। একটা সময় সে দেশের চরম ডানপন্থী রাজনীতিবিদরা এ অঞ্চলের মানুষদের আবর্জনার সঙ্গে তুলনা করেছিলেন। অথচ সেখান থেকে উঠে এসে বিশ্বজয়ের দ্বারপ্রান্তে এক ১৯ পেরোনো তরুণ। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে স্পেন তাকিয়ে রোকাফোন্ডার ঘরের ছেলে লামিন ইয়ামালের দিকে।
- ২ মাস আগে(১৮:০০)

ভাষা আর ইতিহাসও মিলিয়েছে ফাইনালের দুই দলকে
আর্জেন্টিনার বিখ্যাত সাহিত্যিক, বিশ্বে স্প্যানিশ ভাষার প্রভাবশালী লেখক হোর্হে লুই বোর্হেস তার একটি লেখায় আর্জেন্টিনার নাগরিকদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে লিখেছিলেন, ‘একজন আর্জেন্টাইন হচ্ছে আসলে একজন ইতালিয়ান, যে কথা বলে স্প্যানিশ ভাষায়, ভাবে ফরাসিদের মতো আর মনে মনে নিজেকে ভাবে একজন ইংরেজ।’ কথাটির মানে বুঝতে হলে ফিরে যেতে হবে অতীতে। দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ উপনিবেশ থেকে স্বাধীন আর্জেন্টিনা রাষ্ট্রের জন্ম, গৃহযুদ্ধ, ইউরোপ থেকে অভিবাসীর স্রোত— সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার জনগোষ্ঠী ও সংস্কৃতিতেই ইউরোপের ছোঁয়া।
- ২ মাস আগে(১৫:০০)

স্পেনের সহজ জয় দেখছেন রোনালদো!
ফাইনালের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। কে জিতবে এই মহারণ, কার হাতে উঠবে সোনালি সেই ট্রফি, এ নিয়েই চলছে জল্পনা কল্পনা। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও বলছে, আর্জেন্টিনাকে সহজেই হারিয়ে দেবে স্পেন।
রোনালদো জানালেন, ফাইনালে স্পেনই ফেভারিট, ‘স্পেন শিরোপা জিতবে এবং সহজেই জিতবে। ফ্রান্সের পাশাপাশি তারা আসরের শুরু থেকেই ফেভারিট ছিল।‘
লুইস দে লা ফুয়েন্তের দলকে প্রশংসায় ভাসিয়েছে রোনালদো, ‘স্পেন চমৎকার ফুটবল খেলছে। এটা তাদের ডিএনএতে আছে। এমন ঘরানার ফুটবল তারা অনেক বছর ধরে খেলছে, তাদের ফুটবলাররা ছোটবেলা থেকেই এভাবে খেলে আসছে।‘
- ২ মাস আগে(১৪:৫২)

ফাইনালের আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ রোনালদিনহো
তার হাত ধরেই লিওনেল মেসি হয়ে উঠেছেন বার্সেলোনার প্রাণভোমরা। সেই মেসি যখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছেন, কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো কি কিছু না বলে থাকতে পারেন? ফাইনালের মহারণের আগে মেসি ও আর্জেন্টিনাকেই প্রশংসায় ভাসালেন এই সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান।
আর্জেন্টিনা দলের দৃঢ় মানসিকতা এবং মেসির উপস্থিতিকে আলাদাভাবে দেখছেন রোনালদিনহো। গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আর্জেন্টিনা সবসময়ই এমন, তাই না? তাদের আছে অদম্য মনোবল আর নিখাদ মনের জোর। তাদের এই সুনাম আগে থেকেই ছিল এবং এবারও তারা একই রূপে ফাইনালে এসেছে। আর সেখানে তো আমার বন্ধু মেসি আছেই, যে একাই দলের যেকোনো সমস্যার সমাধান করে দিতে পারে।’
দলের ভেতরের চমৎকার বোঝাপড়া এবং অধিনায়ক মেসির জন্য বাকিদের উজাড় করে দেওয়ার মানসিকতারও প্রশংসা করেন রোনালদিনহো, ‘এই দলটার মধ্যে দারুণ এক নম্রতা আছে। মাঠের সবাই মেসির জন্য খেলে। তারা খুব ভালো করেই জানে কখন বলটা মেসির পায়ে দিতে হবে এবং এটাও জানে যে মেসি যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। দলটার এই একতা দেখা সত্যিই দারুণ ব্যাপার।'
- ২ মাস আগে(১৪:০৬)

ফাইনালের আগে মেসির বার্তা
বিশ্বকাপ ফাইনালে নামার আগে সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, 'শুধু শিরোপা জয় নয়, বরং এই পুরো যাত্রাটি আমার ক্যারিয়ারের সেরা ঘটনা। এই দলের সাথে প্রতিদিন ভাগ করে নেওয়া সময়, একসাথে লড়াই করা, কঠিন মুহূর্তে উঠে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করা—এটাই আমার প্রাপ্তি।'
- ২ মাস আগে(১৩:১৬)
৩৯ বনাম ১৯ !
বিশ্বকাপ ফাইনাল সবসময় আকর্ষণীয়। আকর্ষণের কেন্দ্রে আছে দুই প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে উত্তরণের লড়াই। দুই ফুটবলারের বয়সের পর্থক্য ২০ বছরেরও বেশি। ৩৯ বনাম ১৯ !
এটা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হতে যাচ্ছে। অপ্টা অ্যানালাইসিসের প্রতিবেদন বলছে, ‘মেসি ও ইয়ামাল একাদশে থাকলে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ফাইনালে দুই প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের মধ্যে ২০ বছরেরও বেশি বয়সের পার্থক্য দেখা যাবে। মেসি অতীত ও বর্তমানের প্রতিনিধি আর ইয়ামাল ধারন করেন বর্তমান ও ভবিষ্যতকে।’ - ২ মাস আগে(১২:৩৯)

বিশ্বকাপ ফাইনালে মুখোমুলি লিওনেল মেসি আর লামিনে ইয়ামাল।
ফাইনালের টিকিটের দাম ৭৪ লাখ!
উত্তর আমেরিকা বিশ্বকাপের শুরুর আগে থেকেই টিকিটের দাম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ছিল। উচ্চমূল্যের কারণে ফিফার সমালোচনা করেছেন অনেকেই। ফাইনালের আগমুহূর্তে টিকিটের দাম যেন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বনিম্ন টিকিটের মূল্য ১০ হাজার ডলার, যদিও শনিবার টিকিট ছাড়ার পরপরই সব বিক্রি হয়ে গেছে। হসপিটালিটি বক্সের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা!
- ২ মাস আগে(১২:২৩)

নেতানিয়াহুকে জার্সি উপহার দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত অ্যাক্সেল ওয়াহনিশ।
ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন ইসরায়েল প্রধানমন্ত্রীর
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি, নানা ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’
- ২ মাস আগে(১২:২২)

টাইমস স্কয়ার এখন ‘আর্জেন্টাইমস স্কয়ার’
আর্জেন্টিনা এবং স্পেনের মহাকাব্যিক ফাইনালের আগে শনিবার থেকেই নিউইয়র্ক শহরটি যেন পরিণত হয়েছে এক টুকরো আর্জেন্টিনায়। টাইমস স্কয়ারের প্রতিটি মোড় যেন পরিণত হয়েছে ‘মিনি বুয়েনস এইরেস’-এ। হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের ঢলে কার্যত অচল হয়ে পড়েছে নিউইয়র্কের ব্যস্ততম এলাকা। আর্জেন্টিনা সমর্থকেরা টাইমস স্কয়ারের নামকরণ করেছে ‘আর্জেন্টাইমস স্কয়ার’। এই নামকরণ সম্বলিত একটি ব্যানারও টানানো হয়েছে।
- ২ মাস আগে(১২:১৩)
গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে পড়লেন মেসি
গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে জোড়া গোল করে ফরাসি তারকা এখন ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে শীর্ষে। মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয়। তার সামনে আছে ফাইনাল, স্পেনের বিপক্ষে আজ জোড়া গোল ও অ্যাসিস্ট দিয়ে এমবাপ্পেকে পেছনে ফেলার সুযোগ আছে আর্জেন্টিনার অধিনায়কের।
- ২ মাস আগে(১২:১২)

জনপ্রিয় দুই ধারাভাষ্যকার গ্যারি নেভিল এবং পিটার ডুরির কণ্ঠ শোনা যাবে ফাইনালেও।
ফাইনালের কণ্ঠ পিটার ডুরি
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ওয়ার্ল্ড ফিডে মূল ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন কিংবদন্তি ধারাভাষ্যকার পিটার ডুরি। তিনি নিজেই ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করেছেন।
বিবিসির মূল উপস্থাপনার দায়িত্বে রয়েছেন কেলি কেটস, মার্ক চ্যাপম্যান এবং গ্যাবি লোগান। তাদের সঙ্গে সঙ্গী হিসেবে আছেন আর্সেনালের সাবেক নারী তারকা অ্যালেক্স স্কট। বিশ্লেষকদের তালিকায় বিসিবি ধরে রেখেছে তাদের পুরোনো ধারার তারকাদের—অ্যালান শিয়েরার, ওয়েন রুনি এবং মিকা রিচার্ডস। এছাড়া জো হার্ট, স্টেফ হটন ও অলিভিয়ের জিরুর মতো তারকারা যোগ দিয়েছেন বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে। মাঠের ধারাভাষ্যে থাকবেন গায় মোব্রি, স্টিভ উইলসন ও জোনাথন পিয়ার্সের মতো পরিচিত কণ্ঠ।
আইটিভি তাদের সম্প্রচারে এবারও নিয়ে এসেছে তারকাদের মেলা। প্রধান উপস্থাপক হিসেবে টানা তৃতীয়বারের মতো কাজ করছেন মার্ক পৌগাচ্চ। তাকে সঙ্গ দিচ্ছেন লরা উডস ও সেমরা হান্টার। বিশ্লেষক হিসেবে আইটিভির মূল আকর্ষণ গ্যারি নেভিল ও রয় কিন। তাদের পাশাপাশি ইয়ান রাইট, প্যাট্রিক ভিয়েরা এবং কারেন কার্নির মতো তারকারা থাকছেন স্টুডিওতে। নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নারী দলের কোচ এমা হেইস এবং ২০১০ বিশ্বকাপ জয়ী হুয়ান মাতা। ধারাভাষ্যে থাকছেন স্যাম ম্যাটারফেস, জন চ্যাম্পিয়ন ও অ্যালি ম্যাককয়িস্টের মতো অভিজ্ঞরা।
- ২ মাস আগে(১২:০৯)
ফাইনালে স্পেনের সম্ভাব্য একাদশ
সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ের পর স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নিয়ে কিছুটা উদ্বেগ ছিল। অনুশীলনে তাকে আলাদাভাবে এবং বাম উরুতে স্ট্র্যাপিং জড়ানো অবস্থায় দেখা গিয়েছিল। তবে কোচ দে লা ফুয়েন্তে দ্রুতই সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। ফাইনালে ইয়ামাল পুরোপুরি ফিট হয়েই মাঠে নামছেন। এছাড়া পেদ্রো পোরো হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যা কাটিয়ে উঠেছেন, তিনিও এখন নির্বাচনের জন্য প্রস্তুত।
দলে কোনো নিষেধাজ্ঞা না থাকায় স্পেন তাদের পরিচিত কৌশল বা ‘ট্যাকটিক্যাল সেটআপ’ নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে অভিজ্ঞ রদ্রি এবং ফাবিয়ান রুইজের ওপরই ভরসা রাখছেন কোচ। রদ্রি যেমন রক্ষণভাগকে সুরক্ষা দেবেন, তেমনি ফাবিয়ান রুইজ বলের দখল রেখে খেলার গতি নিয়ন্ত্রণ করবেন।
স্পেনের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবাসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেইয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা এবং মিকেল ওইয়ারজাবাল।
- ২ মাস আগে(১১:৪৫)

কেমন হতে পারে আর্জেন্টিনা একাদশ?
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খুব একটা স্বস্তিতে ছিল না আর্জেন্টিনা। রক্ষণভাগ থেকে আক্রমণভাগ—সবখানেই কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বিশেষজ্ঞদের ধারণা, অভিজ্ঞতার ওপর আস্থা রেখে ২০২২ সালের চ্যাম্পিয়ন স্কোয়াডের খেলোয়াড়দেরই বেশি প্রাধান্য দেবেন তিনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।
Invalid date
মেসিদের থামিয়ে বিশ্বসেরা স্পেন










