ফাইনাল মাতাবেন ম্যাডোনা-ক্রুজরা

সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপের ফাইনালে শুধু স্পেন ও আর্জেন্টিনার লড়াই নয়, দর্শকদের জন্য থাকছে তারকাখচিত এক সমাপনী অনুষ্ঠানও। ফিফার ভাষায়, এটি হবে ‘সর্বকালের সবচেয়ে বড় মঞ্চ’। সুপার বোলের হাফটাইম শো থেকে অনুপ্রাণিত এ আয়োজনে অংশ নেবেন হলিউড ও সংগীত জগতের একঝাঁক বিশ্বখ্যাত তারকা।
স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে হলিউড তারকা টম ক্রুজের। এ ছাড়া বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডিজায়ার’-এর শিল্পী রবি উইলিয়ামস, লরা পাওসিনি ও নিকোল শেরজিঙ্গারও পারফর্ম করবেন। অনুষ্ঠানে থাকবেন জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড, র্যাপার পোস্ট ম্যালোন এবং অস্কারজয়ী গায়িকা-অভিনেত্রী জেনিফার হাডসন, যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন। ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
সবচেয়ে বেশি আকর্ষণ থাকছে বিরতির ১১ মিনিটের হাফটাইম শোকে ঘিরে। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত এই পরিবেশনায় অংশ নেবেন ম্যাডোনা, জাস্টিন বিবার, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং শাকিরা।
বিশ্বকাপ জুড়ে বাজানো শাকিরা ও আফ্রোবিট তারকা বার্না বয়ের যৌথ গান ‘দাই দাই’ ও আবার শোনা যাবে স্টেডিয়ামে। এ ছাড়া ভেনেজুয়েলার বিখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, নিউ ইয়র্কের একটি কোরাস দল এবং কোল্ডপ্লের অনুষ্ঠানে অংশ নেবে। ফিফা ও গ্লোবাল সিটিজেনের শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যেও এ আয়োজন করা হচ্ছে।




