এমবাপ্পে ‘সিনেমার’ চিত্রনাট্য বদলাবেন জিদান

জিনেদিন জিদান
অবশেষে স্বপ্নপূরণ। আজ তুরস্কের বিপক্ষে ফ্রান্সের কোচ হিসেবে অভিষেক হতে চলেছে জিনেদিন জিদানের। স্বপ্নপূরণ হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পেরও। জিদানের অধীনে ফ্রান্সে খেলাটাকে তিনি বললেন,‘সিনেমার মতো’।
সেই সিনেমার চিত্রনাট্যে শুরুতেই বদল আনছেন জিদান। এতদিন দিদিয়ের দেশমের অধীনে সেন্টার ফরোয়ার্ড হিসেবেই খেলতেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদেও খেলেন একই ভূমিকায়। কিন্তু ফ্রান্সের গণমাধ্যমের খবর, তুরস্কের বিপক্ষে জিদান ৪-৩-৩ ছকে লেফট উইংয়ে খেলাবেন এমবাপ্পেকে!
ফ্রান্সের দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে জিদান বলেছিলেন, ‘এমবাপ্পেই আমার অধিনায়ক থাকবে। সে আক্রমণের তিনটি পজিশনেই খেলতে পারে। তবে ব্যক্তিগতভাবে তাকে বাম উইংয়েই আমার বেশি পছন্দ।’ গতকাল লে’কিপ ও আরএমসি স্পোর্টস জানিয়েছে, জিদান প্রথম ম্যাচে এমবাপ্পেকে খেলাবেন লেফট উইংয়ে। এ নিয়ে এমবাপ্পের সঙ্গে ব্যক্তিগতভাবেও কথা বলেছেন জিদান।
লেফট উইং পজিশনে খেলা এমবাপ্পের জন্য নতুন কিছু নয়। ২০১৭ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে ১০৬টি ম্যাচের মধ্যে ৩২টিতেই তিনি লেফট উইংয়ে খেলেছেন। সেখানে করেছিলেন ২১ গোল এবং ১৬ অ্যাসিস্ট। রাইট উইংয়ে খেলার অভিজ্ঞতাও তার আছে; বিশেষ করে ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সময় ৪-২-৩-১ ফরমেশনে তিনি ডান পাশেই খেলে নজর কেড়েছিলেন। তবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন খেলছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে।
গত মৌসুমে স্ট্রাইকার হিসেবে খেলে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬০ ম্যাচে ৫৮টি গোল করেছেন এমবাপ্পে। পাশাপাশি লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি।
মাদ্রিদ ডার্বিতে হারের পর, ফরাসি দৈনিক লে’কিপ রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের মাঠের গড় অবস্থানের একটি ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, খেলার সময় এমবাপ্পে এবং ভিনিসিয়ুস প্রায় একজন আরেকজনের ওপর চেপে অবস্থান করছেন! তাই হয়তো জিদান বাম উইংয়ে সরিয়ে আনতে চান এমবাপ্পেকে।



