নেদারল্যান্ডসকে উড়িয়ে শেষ আটে জার্মানি

সংগৃহীত ছবি
বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে দুঃস্বপ্নের রাত কাটল নেদারল্যান্ডসের। নেশনস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাচদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। তাতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে জার্মানির।
জাভি হার্নান্দেজ কোচের দায়িত্ব নেওয়ার পর ছয় ম্যাচে এটাই প্রথম হার নেদারল্যান্ডসের। সেই হারটাও আবার ঐতিহাসিক। প্রতিযোগিতামূলক ফুটবলে ডাচদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার।
৫৬ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ১৮ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। নেদারল্যান্ডসের ৯ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। ৪১ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট শটে জার্মানিকে এগিয়ে দেন ডের শেরহান্ট। ৬০ মিনিটে দূর থেকে নেওয়া আরেক শটে ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনেকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস।
৬৫ মিনিটে রাইট উইঙ্গার ব্রায়ান গ্রুদার ক্রস থেকে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। ৭১ মিনিটে সেই গ্রুদার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভির্টৎস। ৭৭ মিনিটে শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়িয়ে ব্যবধান ৫-০ করেন গ্রুদা।
গ্রুপে জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিস- তিন দলেরই পয়েন্ট ১১। তবে মুখোমুখি লড়াইয়ের হিসাবে তৃতীয় হয়েছে গ্রিস। সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তারা শেষ করেছে গ্রুপ পর্ব। জার্মানি ও নেদারল্যান্ডস পেয়েছে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট।



