আদেয়েমিকে নিয়ে হানসি ফ্লিক
তাকে পেয়ে আমি অনেক খুশি

সংগৃহীত ছবি
বার্সেলোনায় যোগ দিয়েই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন জার্মান ফরোয়ার্ড করিম আদেয়েমি। বরুসিয়া ডর্টমুন্ড থেকে গ্রীষ্মকালীন দলবদলে কাতালান ক্লাবে আসা এই তারকার পারফরম্যান্সে মুগ্ধ কোচ হান্সি ফ্লিক। শুরুতে লামিন ইয়ামালের বিকল্প হিসেবে ভাবা হলেও দুর্দান্ত ফর্মে এখন দলের আক্রমণভাগের সমীকরণই বদলে দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
ডর্টমুন্ড থেকে ২ কোটি ২০ লাখ ইউরোতে আদেয়েমিকে দলে ভেড়ায় বার্সেলোনা। ডান প্রান্তে ইয়ামালের বিকল্প হিসেবেই তাকে ভাবা হয়েছিল। তবে বাঁ প্রান্তে খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার পারফরম্যান্সে অ্যান্থনি গর্ডনের নিয়মিত একাদশে জায়গা নিয়েও তৈরি হয়েছে প্রতিযোগিতা।
এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে। ৭-২ গোলের জয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন আদেয়েমি। আদায় করে নেন দুটি পেনাল্টিও।
নতুন শিষ্যের প্রশংসায় সংবাদ সম্মেলনের শুরুতেই আদেয়েমির গতি ও ব্যক্তিত্বের কথা তুলে ধরেন ফ্লিক,‘করিম অ্যাডেয়েমি বিদ্যুৎগতির। তবে আমি যাদের কোচিং করিয়েছি তাদের মধ্যে সে-ই সবচেয়ে দ্রুতগতির কি না তা নিশ্চিত নই। সে তরুণ এবং দারুণ একজন মানুষ। সতীর্থদের অনেক সম্মান করে আর সবাই তাকে ভালোবাসে।’
জার্মানিতে কঠিন সময় কাটিয়ে স্পেনে এসে আদেয়েমির পারফরম্যান্সে উন্নতির কথাও বলেন বার্সা কোচ,‘তার পারফরম্যান্স সবকিছু সহজ করে দেয়। আমার মনে হয় জার্মানিতে সে ভালো সময় পার করছিল না। পরিবেশ বদলে অন্য দেশে আসা তার জন্য ভালো হয়েছে। ওকে পেয়ে আমি খুশি।’
সান্তান্দারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও আদেয়েমির কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার প্রত্যাশা ফ্লিকের,‘আমি করিমকে শতভাগ বিশ্বাস করি এবং তার ওপর আস্থা রাখছি। সান্তান্দারের মতো আরও অনেক ম্যাচ আমরা তার কাছ থেকে দেখতে পাব।’
দলের আক্রমণভাগে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বার্সেলোনার জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। স্পোর্টিং ডিরেক্টর দেকো ভিন্ন বৈশিষ্ট্যের দুই উইঙ্গার দলে এনেছেন।
এদিকে আক্রমণভাগে এই প্রতিযোগিতা রাফিনিয়াকে ফলস নাইন হিসেবে খেলার সুযোগ করে দিচ্ছে। নতুন ভূমিকায় এরই মধ্যে ঘরোয়া প্রতিযোগিতায় ৯ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা।



