মরক্কোর রাজনীতিবিদ
স্পেন সরে গেলেও বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য আছে মরক্কোর

সংগৃহীত ছবি
২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ফাইনাল আয়োজনের দায়িত্ব মরক্কোকে দেওয়া হলে বিশ্বকাপ আয়োজন থেকে স্পেনের সরে দাঁড়ানোর হুমকির জবাব দিয়েছেন দেশটির এক রাজনীতিবিদ। তার দাবি, স্পেন ও পর্তুগাল সরে গেলেও এককভাবে বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য রয়েছে মরক্কোর।
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে তা নিয়ে তিন দেশের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিষয়টি এখন স্পেনের রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন সামনে রেখে ফাইনাল আয়োজন নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বেড়েছে।
স্পেনের বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো বলেছেন, ফাইনাল আয়োজনের দায়িত্ব মরক্কোকে দেওয়া হলে বিশ্বকাপ আয়োজন থেকে স্পেনকে সরে দাঁড়ানোর পক্ষে অবস্থান নেবেন তিনি। তার মতে, ফাইনাল আয়োজনের অধিকার স্পেনেরই পাওয়া উচিত।
এর জবাবে মরক্কোর ইউনিয়ন ফর ডেমোক্রেসি পার্টির মহাসচিব ইলহাম বেলফহিলি বলেছেন, বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, সেটি ফিফা ও তাদের বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তের বিষয়। রাজনৈতিক বক্তব্য দিয়ে এ সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করা উচিত নয়।
মরক্কোর সংবাদমাধ্যম হেসপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বেলফহিলি বলেন, স্পেনের ডানপন্থী রাজনীতিবিদদের মরক্কোবিরোধী অবস্থান নতুন নয়। ২০২৬ সালের গ্রীষ্মে সেউতা ও মেলিয়া নিয়ে বিরোধের পর থেকেই তারা বিভিন্ন বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে মরক্কোর ক্ষতি করার সুযোগ খুঁজছে।
তিনি আরও বলেন, ফিফা যদি বেনস্লিমানের গ্র্যান্ড স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেয় এবং স্পেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। এতে বাস্তবতার কোনো পরিবর্তন হবে না।
বেলফহিলির দাবি, স্পেন ও পর্তুগাল একসঙ্গে সরে দাঁড়ালেও এককভাবে বিশ্বকাপ সফলভাবে আয়োজনের সামর্থ্য ও প্রস্তুতি রয়েছে মরক্কোর, ‘মরক্কো একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর দেশ। আন্তর্জাতিক সংস্থাগুলোর সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’
খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোরও বিরোধিতা করেছেন এই রাজনীতিবিদ, ‘ফুটবল সারা বিশ্বের মানুষের মধ্যে বন্ধন তৈরি করে। নির্বাচনে ভোট পাওয়ার জন্য স্পেনের ডানপন্থী রাজনীতিবিদদের বিশ্বকাপ আয়োজনের বিষয়টি ব্যবহার করা নিছক রাজনৈতিক কৌশল।‘



