নেইমারের বড় চোট, মাঠের বাইরে থাকবেন কয়দিন?

সংগৃহীত ছবি
চোট যেন তার নিত্য সঙ্গী। চোট কাটিয়ে বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা করে নিয়েছিলেন। বিশ্বকাপের পর আবারও বড় চোটে পড়লেন নেইমার। সান্তোসের হয়ে খেলতে নেমে ডান উরুতে আঘাত পেয়েছেন তিনি। আর এতেই দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা।
গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান নেইমার। প্রথমার্ধেই ডান ঊরুতে ব্যথা অনুভব করেন তিনি। বিরতির পর আর মাঠে ফেরেননি।
চোটের পরদিন সান্তোসের ভিলা বেলমিরোর মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সরাসরি দায়ী করে ইনস্টাগ্রামে ক্ষুব্ধ পোস্ট দেন তিনি।
এই ঘটনার দুদিন পরেই জানা গেল, চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।
সান্তোস জানিয়েছে, পরীক্ষায় নেইমারের ডান ঊরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট ধরা পড়েছে। এক্ষেত্রে সেরে উঠতে সর্বোচ্চ আট সপ্তাহ সময় লাগতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।





