যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে গার্দিওলাকে পরামর্শ দেবেন পচেত্তিনো

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নিতে পেপ গার্দিওলাকে পরামর্শ দেবেন মরিসিও পচেত্তিনো। ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচকে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হলে তা গ্রহণ করতে বলবেন বলে জানিয়েছেন তিনি।
৫৪ বছর বয়সী পচেত্তিনো যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন। ১৮ নভেম্বর থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন। ২০২৯ সালের জুন পর্যন্ত আড়াই বছরের চুক্তি করেছেন তিনি।
বুধবার কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে হাইতির মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সিনসিনাটির ম্যাচটিই হবে জাতীয় দলটির কোচ হিসেবে পচেত্তিনোর শেষ ম্যাচ।
এদিকে গত মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর এক বছরের বিরতিতে রয়েছেন ৫৫ বছর বয়সী গার্দিওলা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে থাকতে পারেন তিনি। তবে এ বিষয়ে স্প্যানিশ কোচের সঙ্গে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।
মঙ্গলবার সাংবাদিকদের পচেত্তিনো বলেন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়া গার্দিওলার জন্য সঠিক সিদ্ধান্ত হবে, ‘আমি গার্দিওলাকে দায়িত্বটি নিতে বলব। ফেডারেশনের দায়িত্ব নেওয়ার জন্য এটি দারুণ সময়। সবকিছু সঠিক পথে এগোচ্ছে। সেখানে ভালো খেলোয়াড় ও ভালো মানুষ রয়েছে। খেলোয়াড়েরা তার কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’
পচেত্তিনো ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিকের জায়গা নিচ্ছেন। গত সপ্তাহে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হন ক্যারিক। তার অধীনে লিগে অবনমন অঞ্চলে, ১৮তম স্থানে নেমে গিয়েছিল ইউনাইটেড।
যুক্তরাষ্ট্রের হয়ে শেষ ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে ইংল্যান্ডে পৌঁছেছেন পচেত্তিনোর দীর্ঘদিনের সহকারী হেসুস পেরেজ, গোলরক্ষক কোচ তনি হিমেনেস এবং অ্যাথলেটিক কোচ হিসেবে কাজ করা তার ৩১ বছর বয়সী ছেলে সেবাস্তিয়ানো পচেত্তিনো।
ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পর পচেত্তিনোর প্রথম পরীক্ষা বেশ কঠিন। আগামী রোববার অ্যানফিল্ডে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
দলের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিয়ে পচেত্তিনো বলেন, ‘তারা এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। বুধবার আমরা পৌঁছানোর পর থেকেই ব্যস্ততা শুরু হবে। দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা ভালোভাবেই প্রস্তুত।’



