ভিনি প্রসঙ্গে মরিনহো
রিয়াল মাদ্রিদে কেউই অপরিহার্য নয়

রিয়াল মাদ্রিদে কোনো খেলোয়াড়ই অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন কোচ হোসে মরিনহো। অধিনায়কের আর্মব্যান্ড, ক্লাবে দীর্ঘদিনের অবস্থান কিংবা ব্যক্তিগত মর্যাদা নয়, মাঠের পারফরম্যান্সই একজন খেলোয়াড়ের দলে জায়গা পাওয়ার প্রধান শর্ত বলে মনে করেন তিনি। ভিনিসিয়ুস জুনিয়র ইস্যুতে তিনি এ মন্তব্য করেছেন।
আজ বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফেরার অপেক্ষায় আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় আপাতত তিনি ইউরোপীয় প্রতিযোগিতাতেই খেলার সুযোগ পাচ্ছেন। গত সপ্তাহে রোমার মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজের ছাপ রাখতে পারেননি ভিনিসিয়ুস। ৫৮ মিনিটে তাকে তুলে নেন মরিনহো। তার বদলি হিসেবে নামা এন্দ্রিকের সৌজন্যে ৪-৩ গোলে জয় পায় রিয়াল।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে মাত্র একটি গোল করেছেন ভিনিসিয়ুস। সাম্প্রতিক তার ফর্মহীনতার কারণে দলে জায়গা পাওয়ার লড়াইও কঠিন হচ্ছে। গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবের রেকর্ড অঙ্কের চুক্তিতে যোগ দেওয়া ইয়ান দিয়োমান্দে তার জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন মরিনহো। একই সঙ্গে পরিষ্কার করেছেন, কাউকেই পারফরম্যান্সের ঊর্ধ্বে রাখবেন না তিনি।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে মরিনহো বলেছেন, ‘একমাত্র ক্লাবের ব্যাজই প্রশ্নাতীত। খেলোয়াড়দের অপরিহার্য ভাবার ধারণাটা আমার পছন্দ নয়। অধিনায়কের আর্মব্যান্ড, ক্লাবে কত দিন ধরে আছে কিংবা তার মর্যাদা—কোনোটাই একজন খেলোয়াড়কে অপরিহার্য করে তোলে না। একজন খেলোয়াড়কে অপরিহার্য করে তোলে তার পারফরম্যান্স।’
লা লিগায়ও অবশ্য খুব স্বস্তিতে নেই রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে তারা। রবিবার ক্যাম্প ন্যুতে দুদলের মুখোমুখি হওয়ার কথা। তবে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত দুই ম্যাচে ইন্টার মিলান ও রোমাকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে মাদ্রিদের দলটি। তবু এবারের চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম ফেবারিট হিসেবে নিজেদের দেখতে রাজি নন মরিনহো। তার মতে, আপাতত প্রথম লক্ষ্য নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা। এরপর লক্ষ্য থাকবে প্লে-অফ এড়িয়ে সরাসরি পরের ধাপে ওঠা।
তিনি বলেছেন, ‘এখনো টুর্নামেন্টের অনেক সময় বাকি। এ মুহূর্তে রিয়াল মাদ্রিদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা নয়, বরং নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা। এরপর প্রয়োজনীয় পয়েন্ট পেলে আমাদের দ্বিতীয় লক্ষ্য হবে প্লে-অফ এড়ানো। কারণ, প্লে-অফে চাপের মধ্যে আরও দুটি ম্যাচ খেলতে হয়, যা এড়ানো সম্ভব।’
সেভিয়ার বিপক্ষে গত রবিবার লা লিগার ম্যাচেও একাদশে পরিবর্তন এনেছিলেন রিয়াল কোচ। আর্দা গুলারকে খেলিয়েছেন মাঝমাঠে। একাদশে সুযোগ পেয়েছিলেন দিয়োমান্দে ও এন্দ্রিকও। মরিনহো জানিয়েছেন, নিজের কৌশল নিয়ে অনড় থেকে যাওয়ার পক্ষপাতী নন তিনি। দলের প্রয়োজন বুঝে সিদ্ধান্ত বদলাতে প্রস্তুত, ‘আমি একগুঁয়ে কোচ নই। কিছু কোচের নির্দিষ্ট একটি পরিকল্পনা থাকে, তারা সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যান। আমি সে রকম নই। আমি সবসময় বিশ্লেষণ করতে, পরিস্থিতি বুঝতে এবং দলের জন্য সবচেয়ে ভালো সমাধান খুঁজতে প্রস্তুত।’






