৫৫২ মিনিটের মাস্টারক্লাসে ইতিহাস গড়লেন বাভুমা

মাত্র ১১০ রানে ৬ উইকেট হারিয়ে যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা, ঠিক সেখান থেকেই এক মহাকাব্যিক ইনিংস উপহার দিলেন টেম্বা বাভুমা। প্রোটিয়া তারকার অধিনায়কোচিত ১৭৯ রানের সৌজন্যে ৯ উইকেটে ৪২৫ রানের বিশাল পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। জবাবে ৩ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক বাভুমার ৩৩৪ বলে ১৮টি চার ও ১টি ছক্কায় সাজানো ১৭৯ রানের মহাকাব্যিক ইনিংসটি দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে ঘরের মাঠে কোনো অধিনায়কের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই রেকর্ডে প্রোটিয়া অধিনায়কদের মধ্যে তার ওপরে রয়েছেন হাশিম আমলা (২০৮ ও ২০১) এবং গ্রেম স্মিথ (১৮৩)। এছাড়া সেইন্ট জর্জ পার্ক স্টেডিয়ামে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১১০ রান বা তার কমে ৬ উইকেট হারানোর পর কোনো দলের ৪২৫ বা তার বেশি রান করার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানে ৭ উইকেট হারানোর পর ৪৪৬ রান করেছিল ইংল্যান্ড। দুর্দান্ত এই ইনিংস খেলার পথে বাভুমা উইকেটে কাটিয়েছেন ৫৫২ মিনিট
প্রথম দিন বৃষ্টির মাঝে ১২ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে এসেছিলেন বাভুমা। এরপর সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝে এক প্রান্ত আগলে রেখে অজি বোলারদের ধৈর্য পরীক্ষা নেন তিনি। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে সপ্তম উইকেটে ১৩২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। পাঁচ উইকেট নেওয়া স্কট বোল্যান্ডের শিকার হওয়ার আগে তিনি খেলেন ৮৫ রানের ইনিংস। এরপর অষ্টম উইকেটে স্পিনার সাইমন হারমারকে নিয়ে ১৮৩ রানের রেকর্ড গড়া জুটি বাঁধেন বাভুমা। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে ৮২ রানে অপরাজিত থাকেন হারমার। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়ে আগের সেরা ১৭২ রানকে টপকে যান বাভুমা। মিচেল স্টার্কের বলে তিনি আউট হওয়ার পরপরই প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে।
দিনের খেলা শেষে বাভুমা বলেন, 'যখন আমি ক্রিজে যাই, তখন সবকিছুই বোলারদের পক্ষে ছিল। কন্ডিশন, আলো, পিচ। আমরা শুরুতেই দুটো উইকেট হারিয়েছিলাম। এই ধরনের পরিস্থিতিতে অনেকবারই পড়েছি। এটাই আমার সেরাটা বের করে আনে। দলকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে নিয়ে আসতে পারলে গর্ববোধ করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে খুবই ভালো লাগছে।'
ডারবানে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ২১৪ রানের বড় জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে অধিনায়ক বাভুমার এই ক্যাপ্টেন্স নকে ভর করে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা।





