সংকট চরমে
বিক্রি হয়ে যেতে পারে রোনালদোর আল নাসর

বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ক্লাবের বিশাল পরিমাণ ঋণ পরিশোধ করতে এবং আর্থিক সংকট কাটাতে দলটিকে বিদেশি কোনো ব্যবসায়িক গ্রুপের কাছে বিক্রি করে দেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
সৌদি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন ক্লাবটির বর্তমান ঋণের পরিমাণ ২১ কোটি ২০ লাখ মার্কিন ডলারেরও বেশি। এই বিশাল আর্থিক দায় থেকে ক্লাবকে মুক্ত করতে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বিকল্প পথ খুঁজছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমেরিকান ধনকুবের গেরি কার্ডিনালের নেতৃত্বাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল আল নাসরের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনে নিতে পারে বলে গুঞ্জন চলছে। যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপটি ক্রীড়া বিশ্বে বেশ পরিচিত নাম। ইতালিয়ান ক্লাব এসি মিলান ছাড়াও লিভারপুল, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বেসবল দল বোস্টন রেড সক্স এবং ফর্মুলা ওয়ান দল আলপাইন-এর সঙ্গেও এই প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। সূত্র জানিয়েছে, আল নাসরের মোট শেয়ারের ৭০ শতাংশের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২৬ কোটি ৭০ লাখ ডলার। এই পরিমাণ অর্থে ক্লাব বিক্রি করা সম্ভব হলে বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমস্ত ঋণ পরিশোধ করে সম্পূর্ণ দায়মুক্ত হয়ে ক্লাব ছাড়তে পারবে।
এদিকে সৌদি জাতীয় দল ও কোচ জর্জ জেসুসের সঙ্গে সাম্প্রতিক বিতর্ক এবং নিষেধাজ্ঞার খবরের পর এবার আল নাসরের এই আর্থিক কেলেঙ্কারি ও ক্লাব বিক্রির সম্ভাবনা পর্তুগিজ মহাতারকা রোনালদোর ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।




