হুতিদের হামলা
স্থবির সৌদির ক্রীড়াঙ্গন, বিপাকে রোনালদো

সংগৃহীত ছবি
গত কয়েকদিন ধরেই সৌদি আরবে থেমে থেমে চলছে হুতি বিদ্রোহীদের হামলা। এই হামলায় আহত-নিহত হয়েছেন অনেকেই। এর বড় প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। বাতিল হয়েছে টেনিস টুর্নামেন্ট, স্থগিত হয়েছে প্রো লিগ।
আগামী ২১ অক্টোবর থেকে হওয়ার কথা ছিল ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট। আয়োজক শহর রিয়াদে ধারাবাহিক হামলার পর স্থগিত করা হয়েছে এটি।
গ্র্যান্ড স্ল্যাম জয়ী কার্লোস আলকারাস, নোভাক জোকোভিচ ও আলেক্সান্ডার স্ফেরেফের মতো তারকাদের তিন দিনের এই টুর্নামেন্টে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার কথা ছিল।
‘সিক্স কিংস স্ল্যাম’-এর আয়োজকরা বিবিসিকে জানিয়েছে, ‘টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সাংগঠনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ এবং দর্শকদের অভিজ্ঞতার মানের ওপর এর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘
এই টুর্নামেন্টটির ভেন্যু এএনবি অ্যারেনা রিয়াদের উত্তরাঞ্চলে অবস্থিত, যা কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে।
এদিকে সৌদি প্রো লিগের এই সপ্তাহের তিনটি ম্যাচও স্থগিত করা হয়েছে। এর মধ্যে ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাস্রের ম্যাচও রয়েছে।
ধারণা করা হচ্ছে, আঞ্চলিক এই সংঘাতের কারণে আগামীতে আরও কিছু ক্রীড়া ইভেন্টে প্রভাব পড়তে পারে।
সৌদি প্রো লিগে আল রিয়াদ ও আল হিলালের ম্যাচ এবং জেদ্দায় আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচটিও ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
জেদ্দা-ভিত্তিক আরেক ক্লাব আল আহলির মাঠে আল নাস্রের ম্যাচটি আগামী মার্চে সরিয়ে নেওয়া হয়েছে। ম্যাচগুলোর সূচি পরিবর্তনের কারণ হিসেবে লিগ কর্তৃপক্ষ ‘লজিস্টিক সংক্রান্ত বিষয়’-এর কথা উল্লেখ করেছে।



