শমিত জাদুতে কসমসের দাপুটে জয়

সংগৃহীত ছবি
নিজে গোল করেননি। কিন্তু গোল না করেও পুরো ম্যাচে ছিল তারই দাপট। বাংলাদেশের শমিত সোমের জোড়া অ্যাসিস্টেই ফোর্ট ওয়েন এফসিকে ৪-২ গোলে হারিয়েছে নিউইয়র্ক কসমস।
ফোর্ট ওয়েন এফসির বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন সোম। কসমসের দুর্দান্ত পারফরম্যান্সের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন সোম। খেলার গতি নির্ধারণ করা, আক্রমণ ও রক্ষণ; সবখানেই ছিল শমিতের উপস্থিতি।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখলেও গোলটাই পাচ্ছিল না কসমস। ৪৪তম মিনিটে সোমের দারুণ এক পাসে বল পেয়ে জালে জড়ান লামিন জাওনে। হাফ টাইমের ঠিক আগে আজমীর স্পেংলারের বাড়ানো পাসে গোল করেন সেরহিও চাভেজ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কসমস।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় স্পেংলারের দ্বিতীয় অ্যাসিস্টে সেবাস্তিয়ান গুয়েনজাত্তি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কসমস। ৬৬তম মিনিটে রায়ান বেচারের গোলে ব্যবধান কমায় ফোর্ট ওয়েন।
গোল হজমের মাত্র পাঁচ মিনিট পরই শমিতের দ্বিতীয় অ্যাসিস্টে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন জায়ান। ম্যাচের শেষদিকে আরেকটি গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কসমস।
২৯ বছর বয়সী শমিত ম্যাচে বল স্পর্শ করেছেন ৪৭ বার। সফল পাস দিয়েছেন ৩১টি। রক্ষণেও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ৩টি ট্যাকল জেতার পাশাপাশি ২টি বল রিকভারি করেন। দুটি অ্যাসিস্টের সুবাদে জনপ্রিয় ফুটবল অ্যাপ ‘ফটমব’-এ তিনি ৮.৬ ম্যাচ রেটিং পেয়েছেন।





