কাসানো
‘আসল রোনালদো’র অর্ধেকও নয় ক্রিস্তিয়ানো রোনালদো

রোনালদো নামটা শুনলেই একসময় চোখে ভেসে উঠত ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও। এরপর লাইমলাইটে এলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যলন ডি’অরজয়ী পর্তুগিজ মহাতারকা সম্প্রতি নিজেকে সর্বকালের সেরা ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে সাবেক রিয়াল মাদ্রিদ ও ইতালি ফরোয়ার্ড আন্তোনিও কাসানো বলেছেন, ব্রাজিল কিংবদন্তি রোনালদোর অর্ধেকও নন ক্রিস্তিয়ানো।
বরাবরই চাঁচাছোলা মন্তব্যের জন্য পরিচিত কাসানো সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রোনালদো নাজারিওই ফুটবলের আসল ও সেরা নম্বর নাইন। ইনজুরি না থাকলে ব্রাজিলিয়ান জাদুকর ফুটবলকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতেন। তার ভাষায়, ‘ক্রিস্তিয়ানো আমাদের আসল রোনালদোর অর্ধেকও হতে পারেনি। আমি আমার ক্যারিয়ারে অনেক বড় খেলোয়াড়ের সঙ্গে খেলেছি, কিন্তু রনির (রোনালদো নাজারিও) মতো সেন্টার ফরোয়ার্ড আর দ্বিতীয়টি দেখিনি।’
২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান রোনালদো, জিনেদিন জিদান ও গুতিদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন কাসানো। ২০০৬ সালে রোমা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ২৯টি ম্যাচ খেলা কাসানো ক্যারিয়ার বড় করতে পারেননি। এত বছর পর তিনি স্বীকার করেন যে, গ্যালাকটিকোস যুগে নিজের বিশৃঙ্খল জীবনযাত্রার কারণেই রিয়ালে বড় ক্যারিয়ার গড়ার সুযোগ হারিয়েছিলেন। নিজের অতীত নিয়ে অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, ‘যা কিছু হয়েছে তা সম্পূর্ণ আমার নিজের ভুলের কারণে। আমি অনুশীলনের চেয়ে খাওয়া-দাওয়া ও রাতের পার্টিকে বেশি গুরুত্ব দিতাম, যার ফলে ১০ কেজি ওজন বেড়ে গিয়েছিল। সেই সময়ে আমি কোচ ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গেও সঠিক আচরণ করিনি। আমার তখনকার আচরণের জন্য জেলে যাওয়া উচিত ছিল! যদি আজকের মতো পরিপক্ক বুদ্ধি তখন থাকত, তবে হয়তো রিয়াল মাদ্রিদে টানা ১০ বছর খেলতে পারতাম।’ সাক্ষাৎকারে কেবল সিআরসেভেনকে তোপ দাগিয়েই ক্ষান্ত হননি কাসানো, রিয়াল মাদ্রিদের বর্তমান পর্তুগিজ কোচ হোসে মরিনহোর ফুটবল দর্শনেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। বর্তমান ফুটবল বিশ্বে মরিনহোর ট্যাকটিকস পুরোনো হয়ে গেছে দাবি করে তিনি বলেন, ‘মরিনহো ফুটবল খেলাতে পছন্দ করেন না। তিনি কেবল সংবাদ সম্মেলনে কথা বলতে পছন্দ করেন। বর্তমানে রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি তার চেয়ে অনেক ভালো কাজ করছেন। এই দুই কোচের দল যদি অদল-বদল করা হয়, তবে রিয়াল মাদ্রিদ অনায়াসে রোমাকে ১০-০ গোলে হারিয়ে দেবে।’







