ইয়ামালের মন্তব্যের জবাব দিলেন কেইন

সংগৃহীত ছবি
বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যালন ডি’অর নিয়ে করা মন্তব্যের জবাব দিয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। তবে ইংলিশ অধিনায়ক পাল্টা কথার লড়াইয়ে না গিয়ে প্রশংসাই করেছেন স্প্যানিশ এই তরুণকে।
সম্প্রতি ইয়ামাল বলেছিলেন, ব্যালন ডি’অর এমন একজনের হাতে ওঠা উচিত যিনি সবকিছুতে সেরা। শুধু একজন খেলোয়াড় ৮০ গোল করেছে এমন বিবেচনায় পুরস্কার দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ইয়ামালের এই বক্তব্যকে অনেকেই কেইনকে উদ্দেশ্য করে করা মন্তব্য হিসেবে দেখছেন। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছেন কেইন।
২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন কেইন। বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বায়ার্নের হয়ে নিজের ১০০তম লিগ গোলও পূর্ণ করেন তিনি। এরপরই ইয়ামালের মন্তব্য নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তবে ইয়ামালের মন্তব্য নিয়ে কোনো বিতর্কে জড়াতে চাননি কেইন। বরং তরুণ তারকার প্রশংসা করে তিনি বলেন, ‘সে কীভাবে কথাটি বোঝাতে চেয়েছে তা আমি জানি না। ইয়ামাল অসাধারণ একজন খেলোয়াড়। তারও দারুণ একটি মৌসুম গেছে। অন্য অনেকেরও গেছে।’
ব্যালন ডি’অরের লড়াই এখনও উন্মুক্ত বলেও মনে করেন কেইন। কিলিয়ান এমবাপ্পে, রোদ্রি ও বায়ার্ন সতীর্থ মাইকেল ওলিসের মতো তারকারাও এই পুরস্কারের দাবিদার বলে উল্লেখ করেন তিনি।
কেইন জানিয়েছেন ইয়ামালের মন্তব্য নিয়ে বেশি ভাবছেন না তিনি, ‘প্রত্যেকেরই নিজের মতো করে মত প্রকাশের অধিকার আছে। এটি আমার নিয়ন্ত্রণের বিষয় নয়। আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে পছন্দ করি না। মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিই। এ বিষয়ে সবার নিজস্ব মতামত রয়েছে সেটি স্বাভাবিক।’
তবে কেইনের মতো নিরপেক্ষ অবস্থান নেয়নি বায়ার্নের কর্তৃপক্ষ। ক্লাবটির ক্রীড়া বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল ইয়ামালের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন, ‘সেরা খেলোয়াড়দের কোনো প্রচারণার প্রয়োজন হয় না।’
এবার্ল বায়ার্নের আরেক তারকা মাইকেল ওলিসের পক্ষেও কথা বলেছেন। তার মতে ব্যালন ডি’অরের আলোচনায় ওলিসেরও থাকা উচিত, ‘আমার কাছে মাইকেল ওলিসেও ব্যালন ডি’অরের অন্যতম প্রার্থী। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’
তবে এসব আলোচনা নিয়ে খুব একটা চিন্তিত নন কেইন। নিজের পারফরম্যান্সে মনোযোগ রাখার কথাই জানিয়েছেন তিনি, ‘আমার দিক থেকে বললে আমি বিষয়টি বেশ উপভোগই করছি। মাঠে নিজের কাজ করে যাব, এরপর দেখা যাবে কী হয়।’



