ফেডারেশন কাপেও জয়হীন আবাহনী

সংগৃহীত ছবি
শুরুটা ভালো হলো না আবাহনী লিমিটেডের। বাংলাদেশ ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপেও প্রথম ম্যাচে জয়হীন থাকল মারুফুল হকের দল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে আকাশি-নীল জার্সিধারীরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। একবার আবাহনী আক্রমণে উঠেছে, পর মুহূর্তেই চট্টগ্রাম সিটি এফসি পাল্টা আক্রমণে গেছে। তবে সুযোগ তৈরি হলেও প্রথম ৪৫ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি।
বিরতির পর অবশ্য ম্যাচে আসে গোল। ৫২ মিনিটে রবিউল হাসানের গোলে এগিয়ে যায় আবাহনী। লিড পাওয়ার পর ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল তাদের সামনে।
তবে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আবাহনী। ১১ মিনিট পরই সমতায় ফেরে চট্টগ্রাম সিটি এফসি। ৬৩ মিনিটে রাফায়েলের গোলে ১–১ হয়ে যায় ম্যাচের স্কোরলাইন। এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর সফল হয়নি।
শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে আবাহনী ও চট্টগ্রাম সিটি। ফলে লিগের পর ফেডারেশন কাপেও প্রথম ম্যাচে জয়হীন থাকল আবাহনী। ১৯ সেপ্টেম্বর লিগের উদ্বোধনী ম্যাচে পিডব্লুডির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।
এদিকে ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে এখন পর্যন্ত তিন ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে। ২২ সেপ্টেম্বর ফকিরেরপুল ইয়ংমেনস ও ফর্টিস এফসির ম্যাচ ১–১ গোলে সমতায় শেষ হয়। পরদিন ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জও গোলশূন্য ড্র করে।
ফেডারেশন কাপে আবাহনীর পরবর্তী ম্যাচ ২৪ নভেম্বর। তাদের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়ংমেনস।



