জোসে মরিনহো
রিয়ালকে নিয়ে ভালো কিছু শোনা কঠিন হয়ে পড়ছে

সংগৃহীত ছবি
মাদ্রিদ ডার্বিতে তেতো অনেক অভিজ্ঞতাই আছে জোসে মরিনহোর। ডিয়েগো সিমিওনির সঙ্গে হয়েছে কথার লড়াই। তবে আজকের মাদ্রিদ ডার্বির আগে আতলেতিকো কোচ সিমিওনি জানিয়েছিলেন, মরিনহোর কোচিং দর্শনের ভক্ত তিনি।
ম্যাচের আগে তিক্ততা না বাড়িয়ে মরিনহোও প্রশংসায় ভাসালেন সিমিওনিকে। আর্জেন্টাইন সাবেক এই তারকাকে উল্লেখ করলেন ফুটবল মাঠের সহযোদ্ধা হিসেবে,‘ মানুষ অনেক অমূলক কথা বলে ফেলে। কখনো পরিস্থিতির চাপে পড়ে, আবার কখনো কৌশলের অংশ হিসেবে। তবে দিনশেষে পারস্পরিক শ্রদ্ধাটা থেকে যায়... আমরা আবার মাঠের প্রতিদ্বন্দ্বী হতে পারি, তবে ফুটবল যুদ্ধের ময়দানে আমরা সহযোদ্ধা।’
রিয়ালে দ্বিতীয় দফায় ফিরে বার্নাব্যুর পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলেছেন মরিনহো। তবে এখনও ৯০ মিনিট জুড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে পারছে না তারা। দলে নতুন আসা কার্লাস এস্পি ৯০ মিনিট বা পড়ে গোল করে দলকে বাঁচিয়েছেন দুইবার। এ নিয়ে মরিনহো বললেন,‘এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অন্য কোচেরা যেখানে দুই, তিন, চার, পাঁচ কিংবা দশ বছর ধরে দল চালিয়েও দলের বিবর্তন ও প্রক্রিয়ার কথা বলেন, সেখানে আমরা তো মাত্র কয়েক মাস হলো একসঙ্গে কাজ শুরু করেছি।’
সংবাদ সম্মেলনে মরিনহোকে স্মরণ করিয়ে দেওয়া হয় বার্সেলোনার উড়ন্ত ফর্ম নিয়ে। লা লিগার ৭ ম্যাচে ৩১ গোল করে ফেলেছে তারা। তবে বার্সার সঙ্গে রিয়ালকে মেলাতে চান না পর্তুগিজ এই কোচ,‘ রিয়াল মাদ্রিদের তুলনা কারও সঙ্গে চলে না। তাই আমাদের দলকে অন্য কোনো দলের সঙ্গে মেলাব না। আমি কেবল আমাদের দল, আমাদের সমস্যা এবং যেগুলো উন্নতি করা দরকার—তা নিয়ে কথা বলব। এখানে ফিরে আসার পর এই কয়েক মাসেই আমি বুঝেছি যে, রিয়াল মাদ্রিদকে নিয়ে ভালো কিছু শোনা দিন দিন কঠিন হয়ে পড়ছে।’
লিগ যে ৭ ম্যাচে জেতা হয়ে যায় না সেটাও স্মরণ করিয়ে দিলেন মরিনহো,‘গত তিন ম্যাচে যখন শেষ মুহূর্তে আমাদের গোলের প্রয়োজন ছিল, তখন পুরো দল শারীরিক ও মানসিকভাবে সবটা উজাড় করে লড়াই করেছে। মানের বাইরেও, এই দলটির বড় শক্তি হলো তাদের দলীয় সংহতি। লিগ হলো একটি ম্যারাথনের মতো, স্প্রিন্ট নয়। এটি বাধাহীন কোনো সোজা হাইওয়েও নয়। তবে শেষ পর্যন্ত আমরা দৌড়েই থাকব।’



