লিভারপুলে আলিসনের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন

লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করে অ্যানফিল্ডে নিজের সফল ক্যারিয়ার আরও দীর্ঘ করতে চান বর্ষীয়ান ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। আগামী বছরের জুনে অলরেডদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও, এখনই দল ছাড়ার কোনো ইচ্ছা নেই তার। গত রবিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর এই প্রত্যাশার কথা জানান ৩৪ বছর বয়সী তারকা।
২০১৮ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত লিভারপুলের জার্সিতে ৩৪৭টি ম্যাচ খেলেছেন আলিসন। অলরেডদের হয়ে এই দীর্ঘ পথচলায় তিনি দুটি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপসহ বেশ কিছু ট্রফি জয় করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা ও চুক্তি নবায়ন নিয়ে কথা বলতে গিয়ে আলিসন জানান, ‘আমি প্রতিটি ম্যাচে মনোযোগ দিয়ে খেলছি, তবে মনে মনে আমি এখানেই থেকে যেতে চাই। সিদ্ধান্তটি অনেকগুলো বিষয় ও ভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করছে, তবে আমার নিজের ইচ্ছা হলো অ্যানফিল্ডে থাকা। আমি এবং আমার পরিবার—উভয়েই লিভারপুলে অত্যন্ত সুখে আছি।’
চুক্তির মেয়াদ শেষের ক্ষণ এগিয়ে এলেও ক্লাবের পক্ষ থেকে আলিসনকে এখনও নতুন চুক্তির কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। তবে তার প্রতিনিধি ইতিমধ্যে লিভারপুলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ‘গোল ডটকম’। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন চলছে, ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে বিদায় জানাতে পারে ইংলিশ ক্লাবটি।
শীর্ষ ফুটবলে নিজের পারফরম্যান্স ধরে রাখার ক্ষুধা এখনও কমেনি উল্লেখ করে আলিসন আরও বলেন, ‘শিরোপা জেতা এবং প্রতি ম্যাচে সেরা পারফরম্যান্স দেওয়ার ক্ষুধা আমার এখনও অটুট রয়েছে। আমি যতদিন সম্ভব ফুটবলের সর্বোচ্চ পর্যায় বা টপ লেভেলে খেলে যেতে চাই। এই মুহূর্তে আমার চিন্তা শুধুই এটিই।’




