শ্রীলঙ্কার পরীক্ষা নেবে নির্ভার বাংলাদেশ

ঢাকায় পা রাখার পর থেকেই বাংলাদেশকে চাপে রাখতে মাইন্ড গেম খেলছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। বাংলাদেশকে ফেভারিট তকমা দিয়েছেন প্রথম দিন। এরপর ভুটানের সঙ্গে ড্র করে নিজেদের ওপর চাপ কমাতে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশকে টেনে এনেছেন তিনি। কথা দিয়ে মুতাইরির এই ঘায়েল করার চেষ্টার জবাব এতদিন কেউ দেয়নি। দিলেন বাংলাদেশের মধ্যমণি হামজা চৌধুরী। তিনি বললেন, আজকের ম্যাচে চাপ যা কিছু থাকবে শ্রীলঙ্কার ওপর। কারণ তাদের হারলে চলবে না। ভুটান-শ্রীলঙ্কা ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশ থাকবে নির্ভার। এখন তাদের সুযোগ ঘরের মাঠে শ্রীলঙ্কাকে শিক্ষা দেওয়ার।
একঝাঁক বংশোদ্ভূত ফুটবলার আসায় শ্রীলঙ্কা দলের শক্তি অনেক বেড়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে যার ছাপও রেখেছিল দলটি। তবে সাফের শুরুটা প্রত্যাশিত হয়নি। ভুটানের কাছে পয়েন্ট খুইয়ে সেমিফাইনালের সমীকরণটা কঠিন হয়েছে তাদের। আজ জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ম্যাচটি ড্র হলে বেঁচে যাবে তারা। হারলেই বিপদ। এই ম্যাচে চাইলে বাংলাদেশ কোচ থমাস ডুলি পারেন বেশি কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে। তবে সে রকম কিছু করবেন না বলেই খবর। তবে একাদশে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি। একটা পরিবর্তন অবধারিত। ভুটানের বিপক্ষে মেকশিফট স্ট্রাইকার বানিয়েছিলেন বিশ্বনাথ ঘোষকে। চোটের জন্য তাকে এই ম্যাচে পাচ্ছেন না ডুলি।



