হামজাই হচ্ছেন অধিনায়ক!

ছবি: আগামীর সময়
বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা অবশ্য বাংলাদেশের নেতৃত্ব দেননি এতদিন। তবে এবার সাফে অধিনায়ক হিসেবেই অভিষেক হতে পারে তার।
জামাল ভুঁইয়া, সোহেল রানা, তপু বর্মণরাই এতদিন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের। আজ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে এই তিনজনের কেউ নেই। বাফুফে সূত্রের খবর, হামজাকে প্রস্তাব দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়ার। তবে আজ বিকেলে টিম মিটিংয়ে চূড়ান্ত হবে বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন কে?
এর আগে কোচ থমাস ডুলিই বলেছিলেন নেতৃত্বের দায়িত্ব নিতে চান না হামজাসহ অনেকে। শ্রীলঙ্কার কোচও এ নিয়ে খোঁচা দিয়েছিলেন গতকাল। তবে গতকালই সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ চাইলে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সমস্যা নেই তার,‘ কোচ যদি আমাকে অধিনায়ক হতে বলেন, আমি হব। তবে দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা আমার চেয়েও এগিয়ে। আমি হয়তো বাংলাদেশের হয়ে বড়জোর ১০ ম্যাচ খেলেছি। দলে আমার চেয়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা নেতৃত্ব দেওয়ার যোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের দলটা একটা পরিবারের মতো। সাজঘরে সবাই আমরা সমান। আর এই সিদ্ধান্ত পুরোটাই কোচের।’
হামজা নতৃুন অধিনায়ক হচ্ছেন কিনা, জানা যাবে আজই।



