মেসির হাতে ব্যালন ডি অর দেখতে চান দি পল

সংগৃহীত ছবি
রেকর্ড ৮ ব্যালন ডি অরের মালিক তিনি। আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন লিওনেল মেসি। অনেকেই তাই মেসির হাতেই দেখছেন ৯ম ব্যালন ডি অর। মেসির আর্জেন্টিনা ও মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলও বলছেন, কোন সন্দেহ ছাড়াই মেসি এবার ব্যালন ডি অর জেতার যোগ্য।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুলের মুখোমুখি হয়েছিলেন দি পল। মেসির ব্যালন নিয়ে তিনি বলছেন, ‘আমরা ব্যালন ডি অর নিয়ে খুব একটা কথা বলিনি, তবে আপনারা নিশ্চয়ই আমার মতামত জানেন। আমার কাছে মেসির জেতা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। বিশ্বকাপের বছরে ৩৯ বছর বয়সে তিনি যা করে দেখিয়েছেন, তা আর কেউ কখনও পারবে না।’
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেছেন মেসি। করেছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল। মায়ামির হয়েও জিতেছেন শিরোপা।
কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন ও রোদ্রির মতো নিজের চেয়ে অনেক কম বয়সী খেলোয়াড়দের ছাপিয়ে কেন মেসিই নবমবারের মতো এই পুরস্কারটি জিতবেন– এমন প্রশ্নের জবাবে দি পল জানান, ‘তিনি বয়সের সব সীমাবদ্ধতা জয় করেছেন, অসাধারণ সব খেলোয়াড়ের বিপক্ষে লড়েছেন এবং বিশ্বকাপে সেরা খেলোয়াড় ছিলেন। তবে এটা ঠিক যে, ভোট তো আর আমি দিচ্ছি না।’



