নেপালের স্মরণে রিয়ালের এক মিনিট নীরবতা

সংগৃহীত ছবি
নেপাল ও তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও বন্যায় প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে লা লিগার ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যুতে শ্রদ্ধা জানালো রিয়াল মাদ্রিদ। মালাগার বিপক্ষে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেছে দুই ক্লাব। নিহতদের স্মরণে ফুটবলাররা হাতে কালো আর্মব্যান্ডও পরেছেন।
ম্যাচ শুরুর আগে নেপালের দুর্গতদের প্রতি সংহতি প্রকাশ করে এক্সে রিয়াল মাদ্রিদ জানায়, ‘নেপাল ও তিব্বত সীমান্তে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বার্নাব্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে।‘
খেলার মাঠের সীমানা ছাড়িয়ে বার্নাব্যুতে স্টেডিয়ামের এই উদ্যোগ বন্যাকবলিত মানুষ ও শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনার বার্তা পৌঁছে দিয়েছে।
সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ধ্বংসাত্মক আকস্মিক ভূমিধস ও বন্যায় প্রাণহানির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। নেপাল পুলিশের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ চলাকালীন বহু মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।







