ভিনিকে সতর্ক করলেন মরিনহো

সংগৃহীত ছবি
লা লিগায় গত কয়েক ম্যাচে তার অভাবটা বুঝতেই দেননি ইয়ান দিওমান্দে। ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই লা লিগায় টানা তিন জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আর এক ম্যাচ। এরপর কি সরাসরি একাদশে ফিরবেন ভিনি? কোচ জোসে মরিনহো জানালেন, একাদশে ভিনির জায়না পাকা নয়!
গত মাসে ভিয়ারেয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর, লিগে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন ভিনিসিউস। এরই মধ্যে হয়েছে তিন ম্যাচ। শেষটি মাঠে গড়াবে শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে।
ভিনিকে ছাড়াই সেভিয়ার বিপক্ষে ৪-১, বার্সেলোনার বিপক্ষে ২-১ এবং সবশেষ রেসিং সান্তান্দেরের বিপক্ষে ৩-০ গোলে জিয়েছে রিয়াল। তিন ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন দিওমান্দে। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৬ ম্যাচে চার গোল ও ৩ অ্যাসিস্টে ভিনির দলে জায়গা পাওয়াকে কঠিন করে তুলছেন তিনি।
মরিনহো জানালেন, দলের জন্য যাকে দরকার তাকেই নেওয়া হবে একাদশে, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। একজন খেলোয়াড়কে সুবিধা দিতে গিয়ে আমি কখনোই দলের ক্ষতি করতে চাইনি। ভিনি যখন স্বাভাবিকভাবে ফিরে আসবে এবং খেলতে প্রস্তুত থাকবে, তখন আমি বিষয়গুলো ম্যানেজ করব।‘
মরিনহো আরও বলেন, ‘আমার খেলোয়াড়দের সেরা অবস্থায় রাখতে আমি সবকিছু করব। প্রতিটা খেলোয়াড়ের সর্বোচ্চ সামর্থ্যে আমি সবসময় আস্থা রাখি। একজন খারাপ খেলোয়াড় সবসময়ই খারাপ থাকবে, তা আপনি তার জন্য যত চেষ্টাই করেন না কেন, আর একজন ভালো খেলোয়াড় তার খারাপ সময়েও ছন্দে ফেরার চেষ্টা করতে থাকে।‘
চলতি মৌসুমে অবশ্য এখনও নিজেকে সেরা ফর্মে মেলে ধরতে পারেননি ভিনি। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ খেলে কেবল একটিই গোল করেছেন তিনি। তবে সতীর্থরা তার পাশে আছে বলে জানালেন মরিনহো, ‘সতীর্থরা খুব সাহায্য করে তাকে এবং আমরা পূর্ণ আস্থা রেখেই এগিয়ে যাব। কিন্তু যখন দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় হবে, তখন আমার কাছে দলই প্রাধান্য পাবে।‘



