সিটি ছাড়লে হলান্ডের ঠিকানা রিয়াল নাকি বার্সা?

সংগৃহীত ছবি
ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তাই দলটির তারকা খেলোয়াড়দের নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। আর সেই তালিকায় সবচেয়ে বড় নাম আর্লিং হলান্ড। সিটির বিরুদ্ধে চলমান আর্থিক অনিয়মের মামলায় বড় কোনো শাস্তি এলে নরওয়ের এই স্ট্রাইকারকে ছাড়তে হতে পারে ইংলিশ ক্লাবটি।
সিটির বিরুদ্ধে আলোচিত ১১৫টি অভিযোগের মামলাটি এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। রায় ক্লাবটির বিপক্ষে গেলে সেটি চ্যালেঞ্জ করার প্রস্তুতিও রয়েছে তাদের। তবে শাস্তির ধরন নিয়ে আলোচনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। পয়েন্ট কেটে নেওয়ার মতো কঠোর কোনো শাস্তি হলে প্রিমিয়ার লিগে টিকে থাকাই কঠিন হয়ে যেতে পারে সিটির জন্য। তখন একসঙ্গে অনেক তারকার ক্লাব ছাড়ার সম্ভাবনাও তৈরি হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবর অনুযায়ী, এমন পরিস্থিতিতে সিটির বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে টানা নিয়ে মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। জস্কো গাভারদিওল, এনসো ফের্নান্দেস, রায়ান শেরকি ও আইয়ুব বুয়াদ্দির মতো খেলোয়াড়দের নামও আলোচনায় রয়েছে। তবে সবচেয়ে বেশি আগ্রহ হলান্ডকে ঘিরে।
সিটির সঙ্গে হালান্ডের চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত। কিন্তু চুক্তিতে এমন কোনো শর্ত নেই যাতে দল অবনমিত হলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ক্লাব ছাড়তে পারবেন। ফলে শাস্তি হলেও তারকাদের সহজে ছেড়ে দেওয়ার ইচ্ছা ক্লাবটির নেই বলেও ধারণা করা হচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের দাবি, বেশ কিছুদিন ধরেই হলান্ডের দিকে নজর রাখছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে এখন পর্যন্ত তাকে দলে নিতে কোনো ক্লাবই আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেয়নি।
বার্সেলোনায় হলান্ডের একটি সম্ভাব্য জায়গা তৈরি হতে পারে আক্রমণভাগে। রাফিনিয়া উইংয়ের পাশাপাশি স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। এর আগে হুলিয়ান আলভারেসকে দলে নেওয়ার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছিল বার্সা। ফলে একজন মূল স্ট্রাইকারকে ঘিরে তাদের পরিকল্পনায় হলান্ডের নামও আলোচনায় আসছে।
রিয়াল মাদ্রিদের হিসাবটা অবশ্য একটু জটিল। কিলিয়ান এমবাপ্পে এখন দলের আক্রমণভাগের কেন্দ্রে খেলছেন। তার সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামসহ আরও একাধিক তারকা। ফলে হলান্ডকে দলে আনতে হলে আক্রমণভাগের খেলোয়াড়দের ভূমিকা ও অবস্থানে বড় পরিবর্তন আনতে হতে পারে।
তবে আপাতত হলান্ডের সিটি ছাড়ার সম্ভাবনা পুরোপুরি নির্ভর করছে মামলার পরিণতি, ক্লাবের ভবিষ্যৎ এবং খেলোয়াড়ের নিজের সিদ্ধান্তের ওপর। বড় কোনো শাস্তি এলে দলবদলের বাজারে তৈরি হতে পারে নতুন সমীকরণ। আর সেই সমীকরণে হলান্ডকে ঘিরে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতা পেতে পারে নতুন মাত্রা।



