লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
আর্জেন্টিনাকে ৩ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে ব্রাজিল

আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল। ছবি: সংগৃহীত
লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনা শিরোপা জিতেছে চারবার। পরিসংখ্যানের এই পার্থক্য ফুটে উঠল এবারের চ্যাম্পিয়নশিপে আজকের ম্যাচেও।
প্যারাগুয়েতে হওয়া টুর্নামেন্টে আজ আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে রিকেলমে হেনরিক দুটি এবং এদুয়ার্দো কন্সেকাও করেন এক গোল।
ব্রাজিল-আর্জেন্টিনার যে কোনো পর্যায়ের ম্যাচে উত্তেজনার পারদ চড়তেই থাকে। এই ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। খেলা শেষে শুরুতে তর্কে জড়ান দুই দলের খেলোয়াড়রা। উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতিও করতে দেখা যায় কয়েকজনকে। এজন্য লাল কার্ড দেখেছেন আর্জেন্টিনার তোবিয়াস গয়তিয়া।
এই জয়ে আগামী নভেম্বরে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিটও কেটেছে ব্রাজিল। আর অপেক্ষা বাড়ল আর্জেন্টিনার। দুই গ্রুপে ভাগ হয়ে খেলা ১০ দলের ৭টির সুযোগ আছে বিশ্বকাপের।
গ্রুপ ‘বি’তে টানা তিন জয়ে ব্রাজিলের পয়েন্ট ৯। আর্জেন্টিনা দুইয়ে আছে ৬ পয়েন্ট নিয়ে। ১২ এপ্রিল শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।
















