তুরস্কে পুরোনো সতীর্থকে পেলেন সালাহ

সংগৃহীত ছবি
লিভারপুলের অন্যতম সফল জুটি মোহামেদ সালাহ ও ফাবিনহো আবারও একই ক্লাবের জার্সিতে খেলবেন। এবার অবশ্য অ্যানফিল্ডে নয় তুরস্কের ট্রাবজোন্সপোরে। একের পর এক তারকা দলে ভিড়িয়ে তুর্কি ফুটবলে নিজেদের শক্তির জানান দিচ্ছে ক্লাবটি।
৩৪ বছর বয়সী সালাহকে দলে নেওয়ার পর এবার ফ্রি এজেন্ট হিসেবে ফাবিনহোকেও যুক্ত করেছে ট্রাবজোন্সপোর। আল-ইত্তিহাদে তিন মৌসুম কাটানোর পর নতুন ঠিকানা হিসেবে তুরস্ককে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। অথচ এর আগে তার ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছিল।
লিভারপুলে একসঙ্গে খেলার সময় সালাহ ও ফাবিনহো জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা। এবার দীর্ঘ তিন বছর পর সেই জুটিই ফিরছে নতুন ঠিকানায়। ট্রাবজোন্সপোরে আসার পর অবশ্য সালাহ এরই মধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ক্লাবের হয়ে তৃতীয় ম্যাচেই বাসাকশেহিরের বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন মিশরীয় তারকা।
গত মৌসুমে তুর্কি কাপ জয়ের পাশাপাশি লিগে তৃতীয় হয়েছিল ট্রাবজোন্সপোর। এবার সালাহ-ফাবিনহোর মতো অভিজ্ঞ ও তারকা খেলোয়াড়দের দলে এনে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে তারা। লুকাকু, ভ্লাহোভিচ ও নাথান আকের মতো তারকাদের আগমনে তুর্কি লিগ যখন আরও আকর্ষণীয় হয়ে উঠছে, তখন সালাহ-ফাবিনহোর পুনর্মিলন সেই উত্তেজনায় যোগ করেছে নতুন মাত্রা।






