বাংলাদেশের বিদায়ে ফাইনালের টিকিটের দাম ২০০ টাকা

ছবি: আগামীর সময়
সাফ নিয়ে উন্মাদনা বেড়েছিল বাংলাদেশের ফুটবলে। হামজা চৌধুরী, শমিত সোমদের ম্যাচ গ্যালারির টিকিটের জন্য ছিল কাড়াকাড়ি। গতকাল পাকিস্তানের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ছিল ভরা।
পাকিস্তানের কাছে হারের পর থিতিয়ে গেছে সেই উত্তেজনা। গ্যালারির যে টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে ২০০ টাকায়। তাও পাওয়া যাচ্ছে না ক্রেতা। অথচ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ পৌঁছালে টিকিট নিয়ে পড়ত কাড়াকাড়ি।
স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় আগ্রহ হারিয়েছেন দর্শকরা। বাংলাদেশের জায়গায় ফাইনাল খেলবে এখন ভারত-পাকিস্তান। ১৭ নভেম্বর ভারত-পাকিস্তানের সেই ফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায়।
টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে।
পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম কমেছে পাঁচ গুণ। তারপরও ফাইনালে কতজন দর্শক হয় সেটাই এখন দেখার।



