অবসর নেওয়ায় রোনালদোকে অভিনন্দন জানালেন স্কোলারি

সংগৃহীত ছবি
পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের জন্য ক্রিস্তিয়ানো রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন লুইস ফেলিপে স্কোলারি। ২০০৩ সালে রোনালদোর পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয়েছিল স্কোলারির হাত ধরেই। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ মনে করেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাই সঠিক সময়।
এ বোলা-তে প্রকাশিত এক ভিডিওবার্তায় রোনালদোকে শুভেচ্ছা জানান স্কোলারি, ‘রোনালদো, তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছ। তুমি এখন নিশ্চিন্ত থাকতে পারো। তোমার সিদ্ধান্ত সঠিক হয়েছে। পর্তুগাল কখনোই তোমার অবদান ভুলবে না। একজন বন্ধু হিসেবে আমিও তোমাকে ভুলব না। আমার সঙ্গে এবং সতীর্থদের সঙ্গে তুমি যা করেছ, তা সব সময় মনে থাকবে।’
রোনালদোকে জাতীয় দলে নিয়ে আসার পেছনে সাবেক সহকারী কোচ মুর্তোসা এবং যুব দলের কর্মকর্তা রুইয়ের অবদানের কথাও স্মরণ করেন স্কোলারি। তাদের পরামর্শেই রোনালদোকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তার। এরপরই রোনালদোর প্রতিভা ও ব্যক্তিত্বে মুগ্ধ হন এই কোচ।
স্কোলারির মতে, খেলোয়াড় ও মানুষ—দুই পরিচয়েই রোনালদো ছিলেন অসাধারণ। তার অধীনে খেলা সেরা ফুটবলারদের একজন ছিলেন পর্তুগিজ মহাতারকা,‘তাকে কোচিং করানোর সুযোগ পাওয়া আমার জন্য অনেক সম্মানের। শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবেও সে অসাধারণ। আমরা তার কাছ থেকে যা চেয়েছি, সে সবই করেছে। নিজের পরিশ্রমের মাধ্যমে সব অর্জন করেছে। তার প্রতিভা ছিল অন্যদের চেয়ে আলাদা।’
২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো স্কোলারি ২০০৪ ইউরোতে পর্তুগালকে রানার্সআপ এবং ২০০৬ বিশ্বকাপে সেমিফাইনালে তুলেছিলেন। রোনালদোর সিদ্ধান্তে খুশি জানিয়ে তিনি বলেন, ‘আমি আনন্দিত যে সে এই সিদ্ধান্ত নিয়েছে। রোনালদো সব সময় আমার হৃদয়ে থাকবে। পর্তুগাল, সেখানকার মানুষ এবং তার সঙ্গে কাটানো সময় আমার কাছে বিশেষ কিছু। অনেক শুভকামনা রোনালদো।’



