আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে ম্যানচেস্টার সিটির আপিল

সংগৃহীত ছবি
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে স্বাধীন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ম্যানচেস্টার সিটি। বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ জানিয়েছে, ‘ক্লাবটি জুডিশিয়াল প্যানেলের চেয়ারম্যানের কাছে আপিল করেছে। আপিল বোর্ডের শুনানি ব্যক্তিগত ও গোপনীয় থাকবে। সিদ্ধান্ত প্রকাশের অনুমতি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে না।’
এদিকে নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ম্যানচেস্টার সিটি জানিয়েছে, ১ অক্টোবর প্রিমিয়ার লিগ কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বিস্তারিত আপিল করেছে।
ক্লাবটি বলেছে, ‘আমাদের দৃঢ় অবস্থান হলো কমিশনের মতামতে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে একাধিক স্পষ্ট ও গুরুত্বপূর্ণ ভুল রয়েছে। ফলে এই সিদ্ধান্ত নিরাপদ বা নির্ভরযোগ্য নয়।’
সিটি আরও জানিয়েছে, প্রিমিয়ার লিগের আনা অভিযোগগুলোতে তারা নির্দোষ এবং নিজেদের অবস্থানের পক্ষে প্রমাণ রয়েছে।
বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখিয়ে চলব। তবে সব কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয়ভাবে সীমাবদ্ধ।’
এখন ম্যানচেস্টার সিটির আপিলের শুনানি ও পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।



