প্রথম হাফে সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৪ গোল

সংগৃহীত ছবি
জাপানের বিপক্ষে ৩-২ গোলের হারের পর এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল তাদের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রথম হাফেই ব্রাজিল যেন খুঁজে পেল নিজেদের পুরনো সেই ছন্দ। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক হ্যাটট্রিকে ৪৫ মিনিট শেষে ৪-০ গোলে এগিয়ে আছে সেলেসাওরা।
প্রথমবারের মতো সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ব্রাজিল যেন আগের ম্যাচের 'রাগটাই' ঝাড়ছে। ম্যাচের মাত্র ২০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। হ্যাটট্রিক করে ব্রাজিলকে বিশাল জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ৯ম মিনিটে প্রথম গোল পান ভিনি। গোলে অ্যাসিস্ট ছিল ব্রুনো গিমারেসের। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার অ্যাসিস্ট ছিল এন্দ্রিকের। ২১ মিনিটে এস্তেভাওয়ের পাসে বল পেয়ে ব্রাজিলের হয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান ভিনি।
এটি তার ক্যারিয়ারের চতুর্থ হ্যাটট্রিক। আগের তিনটি হ্যাটট্রিকই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে।
৩১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন এন্দ্রিক। হাফ টাইমের ঠিক আগে এস্তেভাও গোল পেলেও সেটা বাতিল হয়।
শেষ পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।



