আসিয়ান কাপ
বাংলাদেশ স্কোয়াডে একাধিক চমক

সংগৃহীত ছবি
অনেকটা আকস্মিকভাবেই আসিয়ান কাপে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কারা, সে নিয়েই চলছে জল্পনা কল্পনা। প্রাথমিক দল ঘোষণার পর এবার জানা গেল সম্ভাব্য ২৩ জনের স্কোয়াড। চমক হিসেবে থাকছেন জিদান ইউসুফ, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসাদের মতো প্রবাসী ফুটবলাররা।
জানা গেছে, মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ- এই তিন গোলকিপারকে বেছে নিয়েছেন ডুলি। সাইফের মতো ক্যাম্প থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকো।
ফারহান বর্তমানে খেলছেন ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে। ১৯ বছর বয়সী এই তরুণ উইঙ্গার বেশ কিছুদিন ধরে ছিলেন আলোচনায়। লাল-সবুজের জার্সি গায়ে উঠতে পারে আসিয়ান কাপেই।
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ উইঙ্গার শুকি এই সেপ্টেম্বরের শুরুতে যোগ দেন বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসিতে। ২২ বছর বয়সী এই তরুণ ক্যাম্পে কোচের আস্থা অর্জন করে জায়গা করে নিতে যাচ্ছেন চূড়ান্ত দলে।
অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জিদান ইউসুফ ডাক পান জাতীয় দলের ক্যাম্পে। সেখান থেকে ইংল্যান্ড প্রবাসী ১৮ বছর বয়সি ফুটবলার এবার মূল দলের পথে।
হামজা চৌধুরী, শমিত সোমরা এখনও দলের সাথে যোগ দেননি। ইন্দোনেশিয়ায় সরাসরি দলের সাথে যোগ দিবেন তারা। আজ বাঁ আগামীকাল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ থমাস ডুলি।
আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই প্রতিযোগিতায় খেলতে শনিবার ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে দলের।
সম্ভাব্য বাংলাদেশ স্কোয়াড: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, কাজী তারিক রায়হান, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী, শেমিত সোম, ফারহান আলি ওয়াহিদ ও শুকি ইতোফুসা।



