মাত্র ৩ মিলিয়ন ইউরোতে রিয়ালে গেলেন মার্তিনেস

সংগৃহীত ছবি
স্প্যানিশ ফুটবলের নতুন চমক সার্জিও মার্তিনেসকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেসিং সান্তান্দারের এই ১৯ বছর বয়সী মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৩ মিলিয়ন ইউরো পরিশোধ করেই চুক্তিটি চূড়ান্ত করেছে হোসে মরিনহোর দল। ২০৩০ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে শুরুতেই মূল দলে জায়গা হচ্ছে না মার্তিনেসের। রিয়ালের যুব দল থেকে নিজেকে প্রমাণ করেই সিনিয়র দলে আসতে হবে তাকে।
১৮৮ সেন্টিমিটার উচ্চতার এই সেন্ট্রাল মিডফিল্ডার সম্প্রতি স্প্যানিশ ফুটবলে আলো ছড়িয়েছেন। তার খেলার ধরন, শারীরিক সক্ষমতা এবং সেন্ট্রাল মিডফিল্ড থেকে আক্রমণ পরিচালনার অসাধারণ দক্ষতা- সবকিছু মিলিয়ে তাকে ফরাসি তারকা পল পগবার সঙ্গে তুলনা করা হচ্ছে। কিছুদিন আগেই লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১২৬.৭ কিমি/ঘণ্টা গতির এক দর্শনীয় শটে গোল করে ২১ শতকে রেসিংয়ের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকে গোল করার রেকর্ড গড়েছিলেন তিনি।
সান সেবাস্তিয়ান ও কানতাব্রিয়া অঞ্চলে নিজের সক্ষমতার জানান দেওয়ার পরই ইউরোপীয় ফুটবলের বড় ক্লাবগুলোর নজরে পড়েন সার্জিও। বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়ালসহ ইংল্যান্ড ও সৌদি আরবের একাধিক ক্লাব তাকে দলে ভেড়াতে যোগাযোগ করেছিল। অনেক চিন্তাভাবনার পর শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নেন তিনি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে রেসিং সান্তান্দার জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাইআউট ক্লজের পুরো অর্থ এককালীন পরিশোধের মাধ্যমেই এই দলবদল সম্পন্ন হয়েছে। ১০ বছর বয়স থেকে ক্লাবের বয়সভিত্তিক ধাপ পেরিয়ে মূল দলে উঠে আসা এই খেলোয়াড়কে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে রেসিং কর্তৃপক্ষ।
রেসিং সান্তান্দারের হয়ে লা লিগায় সরাসরি মূল একাদশে নিয়মিত খেলার সুযোগ ছেড়ে দুই ধাপ নিচের লিগে রিয়ালের যুব দলের হয়ে খেলতে হবে মার্তিনেসকে। তবে বিশ্বসেরা ক্লাবের অংশ হওয়ার সুযোগ এবং ধীরে ধীরে মূল দলে জায়গা করে নেওয়ার এই মেধাভিত্তিক প্রক্রিয়াকেই ক্যারিয়ারের সেরা সুযোগ হিসেবে দেখছেন এই তরুণ ফুটবলার।







