রাফিনিয়ার চোটে আনচেলত্তিকে দুষলেন বার্সেলোনা সাংবাদিক

সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলে ম্যাচ জিতলেও স্বস্তি নেই ব্রাজিল ও বার্সেলোনা শিবিরে। ম্যাচ চলাকালীন চোটে পড়েছেন রাফিনিয়া। ডান উরুর পেশিতে ব্যথা অনুভব করায় বিরতির পর আর মাঠে ফেরেননি এই বার্সেলোনা তারকা। আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে রাফিনিয়ার খেলা নিয়ে আগে থেকেই সতর্ক ছিল কাতালান ক্লাবটি। এবার সেই আশঙ্কাই যেন সত্যি হলো।
রাফিনিয়ার চোটের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন বার্সেলোনার পরিচিত সাংবাদিক আলফ্রেদো মার্তিনেস। ওন্দা সেরো রেডিওতে বার্সেলোনার খবর ও ম্যাচ নিয়ে নিয়মিত কাজ করা এই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ব্রাজিলের ম্যাচে উরুর ব্যথার কারণে রাফিনিয়াকে তুলে নেওয়া হয়েছে। আনচেলত্তির কাছ থেকে আরও একটি বড় উপহার... তারা কখনো শেখে না।’
‘আরেকটি বড় উপহার’ কথাটি ছিল স্পষ্টতই ব্যঙ্গাত্মক। আনচেলত্তি দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। তার অধীনে রিয়াল একাধিক শিরোপাও জিতেছে। সেই কারণেই রাফিনিয়ার সম্ভাব্য অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য সুবিধা হতে পারে—মার্তিনেসের মন্তব্যে সেই ইঙ্গিতই ছিল।
চলতি মৌসুমে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন রাফিনিয়া। গোল করার পাশাপাশি আক্রমণে সুযোগ তৈরি এবং একাধিক পজিশনে খেলার সক্ষমতার কারণে হান্সি ফ্লিকের পরিকল্পনায় তার গুরুত্ব অনেক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোলও করেন রাফিনিয়া। তবে বিরতির পর তাকে আর মাঠে দেখা যায়নি। তার জায়গায় নামেন এন্দ্রিক। এখন রাফিনিয়ার চোট কতটা গুরুতর সেটিই বার্সেলোনার মূল দুশ্চিন্তা।



