দুই প্রজন্মের গোলমেশিন
অবশেষে মুখোমুখি রোনালদো-হালান্ড

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘ কয়েক বছর ধরে একে অপরের কাছাকাছি এসেও কখনো মাঠের লড়াইয়ে মুখোমুখি হননি দুই প্রজন্মের দুই গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্লিং হালান্ড। অবশেষে উয়েফা নেশনস লিগের মঞ্চে মুখোমুখি লড়াই দেখা যাবে এই দুই মহাতারকার।
চলতি বছরের অনুষ্ঠিত বিশ্বকাপে পর্তুগাল ও নরওয়ে উভয় দলই অংশ নিলেও নকআউট পর্বে তাদের মুখোমুখি হওয়া হয়নি। শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে পর্তুগাল বিদায় নেওয়ায় বিশ্বমঞ্চে রোনালদো বনাম হালান্ডের সেই হাইভোল্টেজ লড়াই দেখা থেকে বঞ্চিত হয়েছিল বিশ্ববাসী। তবে সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ চলে এসেছে দ্রুতই।
আজ ২৭ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পর্তুগাল, যেখানে তাদের প্রতিপক্ষ আর্লিং হালান্ডের নরওয়ে। দুটি দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে টুর্নামেন্ট শুরু করেছে। পর্তুগাল ১-০ গোলে ওয়েলসকে এবং নরওয়ে ৩-২ গোলে ডেনমার্ককে পরাজিত করেছে।
খেলোয়াড়ি জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় এই প্রথম কোনো অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হচ্ছেন রোনালদো ও হালান্ড। আর এই রোমাঞ্চ এখানেই শেষ হচ্ছে না। আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখে পর্তুগালের ঐতিহাসিক দ্রাগাও স্টেডিয়ামে এই দুই দল আরও একবার মুখোমুখি লড়াইয়ে নামবে।




